নাটকীয়তায় দুই গরু ব্যবসায়ীর সর্বস্ব লুট
দিনাজপুরের নবাবগঞ্জে দুই গরু ব্যবসায়ীর কোরবানির গরু বিক্রির ১২ লাখ ২০ হাজার টাকা একটি ট্রাকের চালক ও সহকারীর সহযোগিতায় যাত্রীবেশী দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে। ঈদের আগের দিন গত বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল জেলার মির্জাপুরে দিনাজপুর-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
গরু ব্যবসায়ী তৌহিদুলগত শনিবার নবাবগঞ্জের টুপিরহাট বাজারে বসে প্রথম আলোকে জানান, তাঁর নিজের চারটি ও গ্রামের বিভিন্ন জনের কাছ থেকে ১৪টি গরু বাকিতে নিয়ে হাটে এসেছিলেন। ১৪টি গরু তিনি কিনেছিলেন সাত লাখ টাকায়। রহিম চারটি গরু কেনেন ১ লাখ ৮০ হাজার টাকায়। তৌহিদুল ১৪টি গরু বিক্রি করেন ১০ লাখ ২০ হাজার টাকায় এবং রহিম চারটি গরু বিক্রি করেন দুই লাখ টাকায়। গরু বিক্রি করতে তিনি তাঁর বাবা আবুল কাশেম, শ্যালক জহুরুল ইসলামসহ (১৮) ছয়জনকে সঙ্গে নেন।
তৌহিদুল আরও বলেন, গত বৃহস্পতিবার রাত আটটায় বাড়িতে আসার জন্য তিনি ও রহিমসহ মোট নয়জন আমিনবাজারে অপেক্ষা করছিলেন। এ সময় একটি ট্রাকের চালক ও তাঁর সহকারী বিরামপুর হয়ে ঠাকুরগাঁও যাওয়ার জন্য যাত্রী তুলছিলেন। ওই চালক ও সহকারীর ডাকে অপেক্ষমাণ তাঁরা নয়জন ট্রাকটিতে ওঠেন। ট্রাকে আগে থেকেই আরও পাঁচজন যাত্রী ছিল। ট্রাকটি চান্দুরা এলে তৌহিদুল ও তাঁদের লোকজনের বাধা সত্ত্বেও চালক ও সহকারী আরও ১০ যাত্রীকে ওঠান।
তৌহিদুলের শ্যালক জহুরুল বলেন, ট্রাকটি মির্জাপুর এলে ট্রাকে আগে থাকা পাঁচ ও পরে ওঠা ১০ মোট ১৫ জন দুর্বৃত্ত তৌহিদুল ও রহিমসহ নয়জনকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর ধারালো অস্ত্র ও রুটি তৈরির বেলনা দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে তাঁদের। পরে তৌহিদের কাছে থাকা ১০ লাখ ২০ হাজার ও রহিমের কাছে থাকা দুই লাখ টাকাসহ অন্যদের কাছে থাকা টাকা ও মুঠোফোন কেড়ে নেয় তারা। একপর্যায়ে জহুরুল চলন্ত ট্রাক থেকে লাফিয়ে নেমে যেতে সক্ষম হন। এরপর তিনি আরেকটি পিকআপ থামিয়ে ট্রাকটি ধাওয়া করেন।
তৌহিদুলের বাবা আবুল কাশেম বলেন, পিকআপটি ধাওয়া দিলে ট্রাকটি দ্রুতগতিতে চলতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। এ সময় রাস্তায় পুলিশ দেখে ট্রাক ফেলে চালক ও তাঁর সহকারীসহ দুর্বৃত্তরা পালায়। পরে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে আহত ব্যক্তিদের উদ্ধার করে। আহত ব্যক্তিরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন।
তৌহিদুল আক্ষেপ করে বলেন, গরু বিক্রির টাকা লুট হওয়ায় তিনি সর্বস্ব হারিয়েছেন। গ্রামের যাদের কাছ থেকে বাকিতে গরু কিনেছিলেন, তারা টাকার জন্য চাপ দিচ্ছে।
রহিম বলেন, তিনি সাধারণ একজন কৃষক। কোরবানি উপলক্ষে কিছু লাভের আশায় নিজের জমানো সব টাকা দিয়ে চারটি গরু কিনে বিক্রি করতে গিয়েছিলেন। এখন সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।
মির্জাপুর থানার ওসি মইন উদ্দিন গতকাল রোববার বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের মালিককে খোঁজা হচ্ছে। ঈদের দিন সকালে তিনি নিজে দুর্বৃত্তদের কবলে পড়া ওই নয়জনকে পাঁচ হাজার টাকা দিয়ে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা চাইলে মামলা নেওয়া হবে।