নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে তিন ব্যক্তির লাশ উদ্ধার
নাটোরের বাগাতিপাড়া উপজেলার দুটি পৃথক স্থান থেকে গতকাল শনিবার নীরা ঢুলি (৬৫) ও আশকান আলী (৬৫) নামের দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। একই দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাগাতিপাড়া থানা সূত্রে জানা যায়, উপজেলার চকগোয়াস এলাকার এক আমবাগানের ভেতর থেকে নীরা ঢুলির লাশ পাওয়া যায়। তিনি চক তোকিনগর গ্রামের মৃত ষষ্ঠী ঢুলির ছেলে। লাশ উদ্ধারের সময় তাঁর হাত থেকে রক্ত ঝরতে দেখা যায়। নিহত ব্যক্তির ছেলে স্বপন ঢুলি বলেন, তাঁর বাবা গত শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। গতকাল ভোরে তাঁর মৃতদেহ দেখতে পান স্থানীয় কৃষি-শ্রমিকেরা। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে বাগাতিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
উপজেলার দেবনগর গ্রামের একটি লিচুবাগান থেকে গতকাল সকাল আটটার দিকে আশকানের লাশ পাওয়া যায়। তিনি সসেম আলীর ছেলে। নিহত ব্যক্তির চাচাতো ভাই খেজের আলী বলেন, লাশ পাওয়ার কিছুক্ষণ আগেও তিনি বাড়ির পাশের একটি দোকান থেকে সিগারেট কিনেছেন। লাশ উদ্ধারের সময়ও তাঁর মুখে সিগারেট ছিল। লাশটি একটি লিচুগাছে রশিতে ঝোলানো ছিল। খবর পেয়ে পুলিশ আসে। তবে স্বজনদের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নীরা ঢুলির লাশ ময়নাতদন্তের জন্য নাটোরে পাঠানো হয়েছে। তবে আশকান আলীর মৃত্যুর ব্যাপারে শনিবার দুপুর পর্যন্ত কেউ তাঁর কাছে লিখিত অভিযোগ করেননি।
অপর ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর তীর থেকে গতকাল দুপুরে মাদুর দিয়ে জড়ানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, স্থানীয় ব্যক্তিদের দেওয়া খবরের ভিত্তিতে বেলা দুইটার দিকে উজিরপুর ইউনিয়নের পদ্মা নদীর তীর তেলিপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।