নাটোর ও লক্ষ্মীপুরে আ.লীগের দুই নেতাকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর ও লক্ষ্মীপুরে গত দুই দিনে আওয়ামী লীগের দুই নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার নাটোর পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হোসেনকে (৬৬) এবং আগের দিন শুক্রবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যসচিব জাহাঙ্গীর আলমকে (৩৮) দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করে।
মোজাম্মেল নাটোর শহরের বন বেলঘরিয়া এলাকার বাসিন্দা। তিনি কর্মজীবনের শুরুতে নাটোরের বন বেলঘরিয়া উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরে নাটোর সুগার মিলের সিআইসি পদে যোগ দেন। সেখান থেকে অবসরে যাওয়ার পর ব্যবসা শুরু করেন।
এলাকাবাসী ও পুলিশের ভাষ্য অনুযায়ী, মোজাম্মেল গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বাগাতিপাড়া থেকে মোটরসাইকেলে করে নাটোর ফিরছিলেন। বাগাতিপাড়ার নওদাপাড়া গ্রামে পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে পাঁচ দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। পরে তাঁকে মোটরসাইকেল থেকে নামিয়ে বেদম মারধর করে তারা। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁকে বাঁচাতে কুদরত আলী (২৭) নামের এক পথচারী এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁকেও মারধর করে। একপর্যায়ে তিনি পালিয়ে গ্রামের লোকজনকে খবর দিলে গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
মোজাম্মেলের ছেলে বাগাতিপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক আবদুল্লাহ আল মামুন বলেন, পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাঁর বাবাকে হত্যা করতে পারে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, মোজাম্মেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুর্বৃত্তদের শনাক্ত করতে স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।