নাটোর শহরে ডিবি পরিচয়ে দুই গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের হরিশপুর এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে দুই গরু ব্যবসায়ীর ১ লাখ ২৬ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
নাটোর থানা সূত্রে জানা যায়, জেলার নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামের সেলিম হোসেন ও জাকির হোসেন গরু কেনার জন্য গতকাল দুপুরে শহরের হরিশপুর এলাকায় আসেন। এ সময় একটি প্রাইভেট কার তাঁদের পথরোধ করে দাঁড়ায়। প্রাইভেট কার থেকে নেমে দুই ব্যক্তি নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দেয় এবং ওই দুই ব্যবসায়ীর শরীর তল্লাশি করে।
পুলিশকে দেওয়া দুই গরু ব্যবসায়ীর ভাষ্যমতে তল্লাশির সময় গরু কেনার জন্য সেলিম হোসেনের কাছে থাকা ১ লাখ টাকা ও জাকির হোসেনের কাছে থাকা ২৬ হাজার টাকা তারা নিয়ে নেয়। এর পরপরই তারা প্রাইভেট কারটি নিয়ে দ্রুত সরে পড়ে। পরে দুই গরু ব্যবসায়ী ঘটনাটি নাটোর সদর থানাকে জানান।
এ ব্যাপারে সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, সেলিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নাটোর জেলা গোয়েন্দা পুলিশের কোনো সদস্য ওই সময় ঘটনাস্থলে ছিলেন না বলে জানা গেছে।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে কাজ করছে।