নাটোরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার টেটনপাড়া এলাকার একটি গমখেত থেকে গতকাল রোববার সকালে হাত-পা বাঁধা ও অ্যাসিডে ঝলসে দেওয়া এক অটোরিকশার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মমতাজ আলী (৩৫)। তিনি উপজেলার হাটডোল গ্রামের মনছার আলীর ছেলে।
বাগাতিপাড়া থানা সূত্রে জানা যায়, উপজেলার হাটডোল বাজার থেকে গত শুক্রবার সন্ধ্যায় জালালাবাদে ভাড়া নিয়ে যান অটোরিকশার চালক মমতাজ আলী। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। আত্মীয়স্বজনেরা খোঁজাখুঁজি করেও আর তাঁকে পাননি। গতকাল সকালে টেটনপাড়া এলাকার গমখেতে একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার আগেই অবশ্য মমতাজ আলীর স্বজনেরা লাশটি শনাক্ত করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, অটোরিকশার চালককে শ্বাসরোধে হত্যার পর নৃশংসভাবে অ্যাসিডে ঝলসে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যার কারণ জানা সম্ভব হয়নি।