নাটোরে ককটেল ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি
ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নাটোর শহরের পিলখানা মোড়ের কারুকাঞ্চন জুয়েলার্সে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল রাতেই দুজনকে আটক করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নাটোর মহারাজা জেএন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল মজিদ ও পুলিশ সূত্র জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকে সাত-আটজন একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলে করে কারুকাঞ্চন জুয়েলার্সের সামনে এসে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় আতঙ্কে আশপাশের শতাধিক সোনার দোকান মুহূর্তে বন্ধ হয়ে যায়। পথচারীরাও দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। এ সময় দুর্বৃত্তরা প্রায় ১০ মিনিট ধরে ডাকাতি করে বড় একটা ব্যাগ নিয়ে লালবাজারের দিকে চলে যায়। পুলিশ এসে ওই এলাকা ঘিরে তল্লাশি শুরু করে।
পরে পুলিশ ওই জুয়েলার্সের ভেতর থেকে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। ডাকাতদের চায়নিজ কুড়ালের কোপে ও ককটেলের বিস্ফোরণে দোকানের ব্যবস্থাপক অশোক কুমার মৈত্র (৪৩) গুরুতর আহত হন। তাঁকে প্রথমে নাটোর সদর হাসপাতালে, পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ছাড়া দোকানের কর্মচারী প্রদীপ প্রচণ্ড (৫৮) ও সুমন চন্দ্র (৩৬) আহত হন। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে রাতেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জেলার গুরুদাসপুর উপজেলা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ের আলী আহমেদের ছেলে শেখ ফরিদ (৩৬) ও সিরাজগঞ্জের উল্লাপাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে হাসান আলীকে (২৮) আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি চাপাতি, ১২ হাজার টাকা ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
খবর পেয়ে নাটোর সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার বাসুদেব বণিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রায় ১৫ বছর আগে গভীর রাতে কারুকাঞ্চন জুয়েলার্সের দরজা ভেঙে সব স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গত বছরের ১ অক্টোবর ঠিক একই কায়দায় পাশের যমুনা জুয়েলার্সেও ডাকাতির ঘটনা ঘটে। এ দুটি ঘটনায় জড়িতদের পুলিশ আজও শনাক্ত করতে পারেনি।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক ভবতোষ চন্দ্র কর্মকার বলেন, ‘একের পর এক এভাবে লুটতরাজ হলে আমরা ব্যবসা করব কী করে?’
পুলিশ সুপার বাসুদেব বণিক জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পুলিশ সব দিক মাথায় রেখে রাতেই ঘটনার তদন্ত শুরু করেছে।