নাটোরে কমিউনিটি ক্লিনিকে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডরের (সিএইচসিপি) নানা অনিয়মের প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের দোবিলা কমিউনিটি ক্লিনিকে গত সোমবার তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। চার দিন ধরে ওই ক্লিনিকের চিকিৎসাসেবা বন্ধ আছে।
ক্লিনিকের পরিচালনা কমিটির সদস্য শামীমা আক্তার বলেন, সিএইচসিপি শামীমা খাতুন লতা দায়িত্ব নেওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে ওষুধ বিতরণে স্বজনপ্রীতি, দরিদ্রদের ওষুধ না দেওয়া, সময়মতো ক্লিনিক না খোলা এবং রোগীদের সঙ্গে খারাপ আচরণসহ নানা অনিয়ম করে আসছেন। এ ছাড়া পরিচালনা কমিটিকে না জানিয়ে প্রত্যেক রোগীর কাছ থেকে দুই টাকা করে আদায় করছেন বলেও তিনি অভিযোগ করেন।
পরিচালনা কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক মাহাতাব উদ্দিন বলেন, সিএইচসিপি শামীমা খাতুনের বিরুদ্ধে রোগীদের অনেক অভিযোগ আছে। তাঁর এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সোমবার বিক্ষুব্ধ জনতা ক্লিনিকের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে তাঁর স্বামী আবু বক্কর সিদ্দিক তালা ভেঙে ক্লিনিকে প্রবেশ করলে জনতা আবারও ফুঁসে ওঠে। তারা শামীমা খাতুনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করে আবার তালা লাগিয়ে দেয়। তিনি আরও জানান, একাধিকবার তাঁর কর্মকাণ্ডের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে মৌখিকভাবে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ভুক্তভোগী রোগী সফিকুল ইসলাম, রোকেয়া বেগম, হানিফ, জুয়েলসহ আরও অনেকে অভিযোগ করেন, ওষুধ বিতরণের সময় টাকা দিতে না পারলে তিনি ওষুধ দেন না।