নাটোরে কিশোরসহ দুজনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মালিপাড়া গ্রামে মুদি দোকানে চুরির অভিযোগে এক কিশোরসহ দুজনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। নির্যাতনকারীদের ভয়ে আহত ব্যক্তিরা মামলা করতে সাহস পাচ্ছেন না। এমনকি চিকিৎসার জন্য হাসপাতালে যেতেও পারছেন না।
গত রোববার ওই নির্যাতনের ঘটনা ঘটলেও মঙ্গলবার তা জানাজানি হয়। স্থানীয় এক যুবক নির্যাতনের সময় তার ভিডিওচিত্র ধারণ করে ইউটিউবে ছেড়ে দেন। মঙ্গলবার রাতে নাটোরের পুলিশ সুপার নির্যাতিত ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলে থানায় অভিযোগ করার পরামর্শ দেন। তবে গতকাল বুধবার রাত সাড়ে আটটা পর্যন্ত থানায় মামলা হয়নি।
এলাকাবাসী, বড়াইগ্রাম থানার পুলিশ ও নির্যাতনের ভিডিও সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে দক্ষিণ মালিপাড়ার বুলবুল হোসেনের মুদি দোকানের কিছু মালামাল চুরি হয়। এই চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে রোববার বিকেলে গ্রামের সৌদি-ফেরত রবিউল করিমের নির্দেশে সাইদুল ইসলামসহ কয়েকজন ওই গ্রামের মিজান কাজীর ছেলে শাকিল কাজী (১২) ও আমির হোসেনের ছেলে আবু সামাকে (৩৪) বাড়ি থেকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে ফেলেন। অপরাধ স্বীকার করানোর জন্য তাঁদের আনুষ্ঠানিকভাবে নির্যাতনের আয়োজন করা হয়। এ জন্য ২০টি কাঁচা বাঁশের কঞ্চি কেটে আনা হয়। রবিউলের নির্দেশে সাইদুল কঞ্চি দিয়ে শাকিল ও সামাকে মারতে থাকেন। শাকিল ও সামা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। এ সময় তাঁদের স্বজনেরা এগিয়ে এলে মারধরের ভয় দেখিয়ে তাঁদেরও তাড়িয়ে দেওয়া হয়। সেখানে ১৫ থেকে ২০ জন নারী-পুরুষ জড়ো হলেও তাঁরা কেউ বাধা দেননি। এভাবে প্রায় আধা ঘণ্টা মারধরের পর স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামরুল ইসলাম এসে তাঁদের উদ্ধার করেন।
ভিডিওচিত্রের সূত্রে বিষয়টি জানাজানি হওয়ার পর মঙ্গলবার রাত নয়টার দিকে নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি ও অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি শাহবুদ্দিন আহত ব্যক্তিদের দেখতে তাঁদের বাড়িতে যান। এ সময় তাঁরা নির্যাতনের কথা শোনেন এবং গ্রামের লোকজনের সঙ্গে কথা বলেন। এ ব্যাপারে তাঁদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
আবু সামা দাবি করেন, ‘আমাকে অন্যায়ভাবে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে আহত করা হয়েছে। আবার রবিউলের লোকেরা হুমকি দিচ্ছে, হাসপাতালে ভর্তি হলে বা থানায় অভিযোগ করলে প্রাণে মেরে ফেলা হবে।’ শাকিল গাজী জানায়, সে চুরি করেনি। তাকে জোর করে ধরে নিয়ে গিয়ে বেঁধে পেটানো হয়েছে।
রবিউল কোনো হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সামাজিকভাবে বিচার করা হয়েছে, এভাবেই আমাদের সামাজিক বিচার করা হয়। আমি থাকায় তাদের বেশি মারধর করা হয়নি। এখন আবার মানবিক কারণে আমিই তাদের চিকিৎসা করাচ্ছি। আর আমি তো একা নই, সমাজের আরও অনেকেই উপস্থিত ছিলেন ওই বিচারে।’
ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে যাওয়ার পরে তাদের বাঁধা অবস্থায় পাইনি। পরে স্থানীয়দের সঙ্গে এবং পুলিশের সঙ্গে কথা বলে বিষয়টি গ্রাম্য সালিসের মাধ্যমে আপসরফা করার জন্য আগামী বৃহস্পতিবার (আজ) দিন ধার্য করা হয়েছে।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ‘আমরা আহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে এ ব্যাপারে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি, কিন্তু তাঁরা অভিযোগ দেননি। অভিযুক্ত রবিউল ও সাইদুলকে ধরার চেষ্টা করেছি।’