নাটোরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার বগুড়ায় একজন খুন
নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের নিজ বাড়ি থেকে হাওয়া আক্তার (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে পুলিশের ধারণা।
নলডাঙ্গা থানা ও নিহত কিশোরীর পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মান্নান দফাদার তাঁর ছোট মেয়ে হাওয়া আক্তারকে দাদির হেফাজতে রেখে ঢাকায় যান বড় মেয়ের বাড়িতে। গত সোমবার সন্ধ্যায় দাদি পাশের ঘর থেকে হাওয়ার ঘরে গিয়ে দেখেন বাঁশের আড়ার সঙ্গে ফাঁসজাল দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সে ঝুলছে। তাঁর (দাদি) চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মেয়েটিকে নামিয়ে স্থানীয় একটি হাসপাতালে নেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গতকাল মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মেয়ের মৃত্যুর খবর পেয়ে গতকাল সকালে ঢাকা থেকে বাড়ি এসেছেন মান্নান দফাদার। ততক্ষণে লাশটি থানায় নিয়ে গিয়েছিল পুলিশ। তিনি বলেন, হাওয়া নলডাঙ্গা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
নলডাঙ্গা থানার উপপরিদর্শক রেজাউল করিম বলেন, সুরতহাল তৈরির সময় মেয়েটির শরীরে ধর্ষণের কিছু আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব না।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত বলেন, গতকাল বিকেলে ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আপাতত একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
এদিকে বগুড়ার গাবতলী উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তি (৩৮) খুন হয়েছেন। দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে উপজেলার নাড়য়ামালা রেলসেতুর নিচে ডোবায় ফেলে যায়। গতকাল মঙ্গলবার সকালে ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন গাবতলী মডেল থানায় খবর দেন। পরে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
জিআরপি পুলিশের বগুড়া স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক হারুন উর রশিদ বলেন, মৃত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে লাশের পরিচয় জানা সম্ভব হয়নি।