নাটোরে খাদ্যগুদাম কর্মকর্তার বাসায় শতাধিক গুলি
নাটোরে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুজ্জামানের বাসভবন লক্ষ্য করে শতাধিক গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। গতকাল বুধবার ভোরে শহরের বড়গাছা এলাকায় এ ঘটনা ঘটে।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার পর খাদ্য কর্মকর্তার বাসায় পুলিশ পাঠানো হয়। তবে দুর্বৃত্তদের ধরা যায়নি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নাটোর সদর থানা ও স্থানীয় সূত্র জানায়, গতকাল ভোর সাড়ে চারটার দিকে দুর্বৃত্তরা সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবন লক্ষ্য করে শতাধিক গুলি ছোড়ে। এ সময় গুলির শব্দে ঘুম ভেঙে গেলে নূরুজ্জামান পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশ আশপাশের লোকজনের সঙ্গে এ ব্যাপারে কথা বলে। এ ঘটনায় ওই খাদ্য কর্মকর্তা নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
খাদ্যগুদামের সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমানে সরকার নির্ধারিত মূল্যে গম সরবরাহে মোটা অঙ্কের মুনাফা হচ্ছে। অধিক মুনাফা লাভের জন্য এলাকার একাধিক দুর্বৃত্ত জোট বেঁধেছে। খাদ্য কর্মকর্তাদের সঙ্গে বনিবনা না হওয়ায় ভয় দেখানোর জন্যই এরূপ গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে।
নূরুজ্জামান বলেন, ফজরের আজানের কিছু আগে তিনি গুলিবর্ষণের শব্দ শুনতে পান। ভয়ে বাইরে না এসে পুলিশকে খবর দেন। পুলিশ এলে বাইরে বের হয়ে দেখেন ঘরের বাইরের দেয়ালে অসংখ্য গুলির ছিদ্র। তিনি বলেন, সরকারের নিয়মনীতি না মেনে যারা গম সরবরাহে ব্যর্থ হয়েছে, তারা এ ধরনের ঘটনা ঘটাতে পারে।
জেলা খাদ্য কর্মকর্তা রায়হানুল কবির বলেন, ‘ক্ষোভের বশবর্তী হয়ে কেউ এটা করতে পারে। আমরা তো সবাইকে খুশি করতে পারব না। কারণ এই জেলায় যা গম উৎপাদন হয়েছে, তার সামান্যই আমরা কিনছি। সবার কাছ থেকে তো গম কেনা সম্ভব না। তবে আমরা কারও সঙ্গে কোনো বনিবনা করছি না।’