নাটোরে গণপিটুনিতে 'ডাকাত' নিহত
নাটোরের সিংড়া উপজেলার বনকুড়ি গ্রামের একটি বাড়িতে গত মঙ্গলবার রাতে ডাকাতির চেষ্টার সময় গণপিটুনিতে অজ্ঞাত এক ডাকাতের মৃত্যু হয়েছে।
সিংড়া থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত দুইটার দিকে ১০ থেকে ১৫ জন ডাকাত বনকুড়ি গ্রামের সাহেব আলী নামের এক কৃষকের বাড়িতে ডাকাতি করার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের কয়েক শ লোক লাঠিসোঁটা নিয়ে ডাকাতদের ঘিরে ফেলে। অন্য ডাকাতেরা পালিয়ে যেতে সক্ষম হলেও একজন গণপিটুনিতে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ডাকাতের মৃতদেহ উদ্ধার করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বলেন, নিহত ডাকাতের পরিচয় জানা যায়নি। তার লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তরুণের মরদেহ উদ্ধার: এদিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের সাহাপাড়া মহল্লা থেকে গত মঙ্গলবার গভীর রাতে গোপাল সাহা (১৮) নামের এক তরুণের মরদের উদ্ধার করা হয়েছে। গোপাল সাহা ওই মহল্লার গণপতি সাহার ছেলে। তিনি একটি জুয়েলার্সে শ্রমিকের কাজ করতেন।
সদর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, মঙ্গলবার গভীর রাতে দোকানে কাজ করার সময় একটি ফোন পেয়ে গোপাল বের হয়ে যান। মধ্যরাতের দিকে স্থানীয় লোকজন সাহাপাড়া-সংলগ্ন মহানন্দা নদীর তীরে গোপালকে পড়ে থাকতে দেখে তাঁরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন আছে। তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।