নাটোরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় দুই ভাইকে পিটিয়ে জখম
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে মাদকাসক্ত একটি সংঘবদ্ধ দলকে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মোহাম্মদ জাহাঙ্গীর (৩০) নামের এক সেনাসদস্য ও তাঁর বড় ভাই মোহাম্মদ জালালকে (৩৪) রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। জাহাঙ্গীরকে মুমূর্ষু অবস্থায় দয়রামপুর ক্যান্টনমেন্ট হাসপাতাল ও জালালকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে। আহত দুজনই পূর্ণকলস গ্রামের বাসিন্দা। তাঁদের বাবার নাম মোহাম্মদ হোসেন আলী।
বড়াইগ্রাম থানা ও আহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী মোহাম্মদ রফিকের বাড়ির ছাদে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত গাঁজার আসর বসে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে জালাল তাঁর কিছু বন্ধুবান্ধব নিয়ে ওই গাঁজার আসর বন্ধ করতে বলেন গাঁজাসেবীদের। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরদিন শুক্রবার সকালে সেনাসদস্য জাহাঙ্গীর ময়মনসিংহ ক্যান্টনমেন্টের কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে আসেন। গতকাল শনিবার দুপুরে দুই ভাই স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে গাঁজাসেবনকারীরা জালালের ওপর অতর্কিতে হামলা চালায়। ভাইকে বাঁচাতে গেলে জাহাঙ্গীরও হামলার শিকার হন। দুর্বৃত্তরা লোহার রড ও হকিস্টিক দিয়ে তাঁদের পেটালে মাটিতে পড়ে যান দুই ভাই। পরে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় দুই ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাসদস্য জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বলেন, এ ব্যাপারে মিঠু (১৮), আশরাফুল (২০) ও আবু বকরসহ (৩২) সাতজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।