নাটোরে গুলি করে ছিনতাই-চেষ্টার ঘটনায় আটক ৩
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় চালককে গুলি করে মোটরসাইকেল ছিনতাই-চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার তিরাইল বাজার থেকে তাঁদের আটক করা হয়।
বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, আটক যুবকেরা হলেন উপজেলার তিরাইল গ্রামের মৃত এরশাদ আলী মাস্টারের ছেলে শামীম হোসেন (২৪), সাবেক সেনা কর্মকর্তা আবদুল মতিনের ছেলে সোহাগ হোসেন (২৩) ও ইসমাইল প্রামাণিকের ছেলে হিরো প্রামাণিক (২৫)।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বলেন, গুলি ছুড়ে মোটরসাইকেল ছিনতাই-চেষ্টার ঘটনায় গত মঙ্গলবার রাতে আহত রুবেলের বাবা শুকুর আলী বাদী হয়ে মামলা করেন। মামলায় কারও নাম উল্লেখ নেই। মামলার সন্দেহভাজন হিসেবে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এদিকে দুই পায়ে তিনটি গুলিবিদ্ধ হওয়া যুবক রুবেল হোসেনকে গত মঙ্গলবার রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রুবেল হোসেন (২৫) ও শহীদ উদ্দিন নামের দুই যুবককে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হয় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল এ ঘটনা নিয়ে প্রথম আলোয় খবর প্রকাশিত হয়।