নাটোরে গৃহবধূর বঁটির কোপে শ্বশুর খুন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় সেলিনা বেগম (২৮) নামের এক গৃহবধূর বঁটির কোপে তাঁর শ্বশুর নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা পুরান বাজার এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শুক্রবার সেলিনা বেগম ও তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আকবর আলী (৬৭), বড় ছেলে মিজানুর রহমান ও পুত্রবধূ সেলিনা বেগম একই বাড়িতে থাকতেন। ছোট ছেলে শাহিনুর রহমান ঢাকায় থাকেন। পারিবারিক কলহের জের ধরে গত বৃহস্পতিবার সকালে আকবর আলী সংসার থেকে বড় ছেলেকে আলাদা করে দেন। বিষয়টি নিয়ে শ্বশুরের সঙ্গে সেলিনা বেগমের ঝগড়া-বিবাদ হয়। একপর্যায়ে রাত সাড়ে আটটার দিকে তিনি বঁটি দিয়ে আকবর আলীর গলায় কোপ দেন। কিছুক্ষণ পর তিনি মারা যান। এরপরই স্বামী ও ছেলেকে নিয়ে পালিয়ে যান সেলিনা। পরে প্রতিবেশীরা এসে আকবর আলীর রক্তমাখা মরদেহ দেখতে পায়। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। গতকাল সকালে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়। সন্ধ্যায় তাঁর মরদেহ দাফন করা হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, এ ঘটনায় গতকাল নিহত আকবর আলীর ছোট ছেলে শাহিনুর রহমান বাদী হয়ে মিজানুর রহমান ও সেলিনা বেগমকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। তাঁরা দুজন পলাতক। তাঁদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

ধামইরহাটে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর ধামইরহাট উপজেলা সদরের টিএনটিপাড়া এলাকা থেকে গতকাল অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে টিএনটিপাড়া এলাকার ব্র্যাক অফিসের পূর্ব দিকে একটি গাছের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে সকাল আটটার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। লোকটির পরনের লুঙ্গির কিছু অংশ দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল। এর আগে তাঁকে উপজেলা সদরের বিভিন্ন জায়গায় ভাঙাচোরা প্লাস্টিক পণ্য ও কাগজপত্র কুড়াতে দেখা গেছে। তবে কেউ তাঁর পরিচয় জানাতে পারেনি। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর।