নাটোরে চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে জনসম্মুখে এক গৃহবধূকে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ও তাঁর আট সহযোগীর বিরুদ্ধে গত সোমবার রাতে মামলা হয়েছে।
অভিযুক্ত সুলতান আহমেদ সিংড়ার ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আর আহত গৃহবধূর নাম ফজিলা বেগম (৩৮)। ফজিলা উপজেলার বনকুড়ি গ্রামের বাসিন্দা।
সিংড়া থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী ছয়জন বলেন, চেয়ারম্যান সুলতান আহমেদ ও তাঁর সহযোগীরা গত রোববার দুপুরে উপজেলার বনকুড়ি গ্রামে বনকুড়ি মসজিদের অধীনে থাকা একটি খাস পুকুরে মাছ ধরতে যান। এ সময় এলাকার কয়েকজন বাসিন্দা জড়ো হয়ে তাঁদের মাছ ধরতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সুলতান আহমেদ তাঁর কাছে থাকা পিস্তল উঁচিয়ে তাঁদের তাড়া করেন। এ সময় সুলতান গ্রামের বাবলু মিয়ার স্ত্রী ফজিলাকে ধরে টেনে-হিঁচড়ে বনকুড়ি সেতুর ওপর নিয়ে আসেন। পরে চেয়ারম্যানের সহযোগী শামীম হোসেন ও এনামুল হকসহ কয়েকজন এলোপাতাড়িভাবে ফজিলাকে মারধর করে ও রামদা দিয়ে কোপায়। এতে তাঁর মাথা কেটে যায় এবং বাম পা ও ডান হাত ভেঙে যায়।
পরে ওই গৃহবধূকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এখনো তিনি হাসপাতালে আছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক গতকাল মঙ্গলবার বলেন, তাঁর হাত-পায়ে গুরুতর জখম হয়েছে। ঠিক হতে অনেক সময় লাগবে।
এ ব্যাপারে বনকুড়ি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. হাতেম আলী বাদী হয়ে সিংড়া থানায় গত সোমবার রাতে একটি মামলা করেন। হাতেম আলী বলেন, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান সুলতান আহমেদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও প্রশাসন ব্যবস্থা নিতে চায় না।
এদিকে, ঘটনার পর থেকে চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা এলাকায় নেই। তাঁর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
নাম প্রকাশ না করে ওই ইউপির একজন সদস্য বলেন, কয়েক দিন আগে ১০ জন ইউপি সদস্য (মেম্বার) চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। প্রস্তাবে অনিয়ম ও দুর্নীতির ১৭টি অভিযোগ তোলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং চেয়ারম্যানের হুমকির মুখে সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বলেন, গৃহবধূকে মারধরের অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় না থাকায় তাঁদের গ্রেপ্তার করা যায়নি।