সালিসে শত শত মানুষের সামনে তিন স্কুলছাত্রকে পিছমোড়া করে বেঁধে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগে পুলিশ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
চুরির পরিকল্পনা করেছিল—এমন সন্দেহে মারধর করার পর তাদের দিনমজুর বাবাদের কাছ থেকে আট হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। গত শুক্রবার নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাকুপাড়া স্কুলমাঠে সালিসে নির্যাতনের এ ঘটনা ঘটে।
আহত শিশুরা বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বাগাতিপাড়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টায় মাকুপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফিরোজ আলী (৯), রুমন আলী (১২) ও মেহেদি হাসান (১৩) নামের তিন শিশুকে পিছমোড়া করে বেঁধে মাটিতে বসিয়ে রেখে সালিস করা হয়। ফিরোজ মাকুপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ও মাকুপাড়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। রুমন পাকা গ্রামের রমজান আলীর ছেলে ও পাকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। মেহেদি মাকুপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে ও একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
সালিসে নেতৃত্ব দেন মাকুপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইমাজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও ব্যবসায়ী আবদুস সামাদ। তাঁরা অভিযোগ করেন, রুমনকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাজারের কম্পিউটার ব্যবসায়ী সরল আলীর দোকানের পাশ থেকে আটক করা হয়। সে তাঁদের কাছে স্বীকার করেছে, ফিরোজ ও মেহেদিকে নিয়ে তারা সরলের দোকানে চুরির পরিকল্পনা করছিল। এরপর ফিরোজ ও মেহেদিকে তাদের বাড়ি থেকে ওই রাতেই ধরে আনা হয়। রাতে আটকে রাখার পর শুক্রবার সালিস বসানো হয়।
বাগাতিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তৈয়ব আলী খান বলেন, এ ঘটনায় ফিরোজের বাবা সিদ্দিক আলী সালিসে নেতৃত্ব দেওয়া ওই তিনজনসহ অজ্ঞাতনামা আরও দু-তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ইমাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে। সাইদুর ও আবদুস সামাদ পালিয়েছেন। ইমাজ উদ্দিনের কাছ থেকে জরিমানার টাকা ফেরত নেওয়া হয়েছে।
সালিসে উপস্থিত ফজলুল হক বলেন, শত শত মানুষের সামনে তিন শিশুকে রশি দিয়ে পিছমোড়া করে বেঁধে বসিয়ে রাখা হয়। তারা চুরির পরিকল্পনার কথা অস্বীকার করলে ইমাজ উদ্দিন লাঠি দিয়ে তাদের পিটিয়ে গুরুতর আহত করেন। নানা ভয় দেখিয়ে তাদের স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। কিন্তু তারা স্বীকার না করলে তাদের অভিভাবকদের ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে রুমন ও মেহেদির পরিবারের কাছ থেকে তিন হাজার করে ছয় হাজার ও ফিরোজের পরিবারের কাছ থেকে দুই হাজার টাকা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়।
গতকাল শনিবার সকালে ঘটনাস্থলে গেলে এলাকার বেশ কয়েকজন এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। বাগাতিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ফরহাদ হোসেন, থানার পরিদর্শক (তদন্ত) তৈয়ব আলী খান ও মানবাধিকার কমিশন বাগাতিপাড়া শাখার সভাপতি সোহেল রানা সেখানে যান।
জখম হওয়া রুমন আলী বলে, তাদের বাড়ি বাজারের পাশেই। সে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল। ওই ব্যবসায়ীদের ধারণা, সে চুরি করার জন্য দাঁড়িয়ে ছিল। এ কারণে তার হাতে, পায়ে ও পিঠে বাঁশ দিয়ে পেটানো হয়েছে। প্লাস দিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলির নখ তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। ফিরোজ বলে, সালিসের লোকজন তার কোনো কথা বিশ্বাস না করে শুধু তিনজনকে দড়ি দিয়ে একসঙ্গে বেঁধে পিটিয়েছে। মেহেদি হাসান বলে, তাকে মধ্যরাতে বাড়ি থেকে ব্যবসায়ী নেতারা জোর করে তুলে নিয়ে যান। মেহেদির মা আম্বিয়া বেগম বলেন, ‘আমরা বড়লোকদের (ব্যবসায়ী) বিচার চাই।’
মানবাধিকার কমিশন বাগাতিপাড়া শাখার সভাপতি সোহেল রানা বলেন, এ ব্যাপারে তাঁরা শিশুদের আইনি সহায়তা দেবেন।