নাটোরে দুই কলেজছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দুই কলেজছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা দুজন খালাতো বোন। গত বৃহস্পতিবার বিকেলে একদল দুর্বৃত্ত তাঁদের অস্ত্রের ভয় দেখিয়ে উপজেলার একটি আমবাগানে নিয়ে ধর্ষণ করে। শুক্রবার রাতে তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হলে ঘটনাটি জানাজানি হয়।
থানা থেকে জানা গেছে, এক কলেজছাত্রী পাশের গ্রামে তাঁর খালার বাড়ি বেড়াতে যান। বৃহস্পতিবার দুপুরে খালার গ্রামে একটা অনুষ্ঠান শেষে খালাতো বোনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে একই উপজেলার রহিমানপুর গ্রামের বখাটে কাওসার ও তার সঙ্গীরা দুজনের গতিরোধ করে। একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে দুজনকেই মোটরসাইকেলে তুলে আমবাগানে নিয়ে যায়। সেখানে পাহারাদারদের থাকার ঘরে দুই বোনকে ধর্ষণ করা হয় এবং এই দৃশ্য মুঠোফোনে ধারণ করা হয়।
পরে দুর্বৃত্তরা তাঁদের শাসিয়ে দেয়, এ ঘটনা কাউকে জানালে ভিডিওচিত্র সবাইকে দেখানো হবে। দুই বোন বিষয়টি মুখ বুজে সহ্য করেন। কিন্তু তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শুক্রবার রাতেই কাওসারসহ সাতজনকে আসামি করে বাগাতিপাড়া থানায় মামলা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক বলেন, খুবই গুরুত্ব দিয়ে আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চালানো হচ্ছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।