নাটোরে দুই মাদ্রাসাছাত্র অপহৃত, হত্যার হুমকি
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি কওমি মাদ্রাসার দুই ছাত্রকে গত সোমবার অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। ১০ হাজার টাকা আদায়ের পর অপহরণকারীরা গতকাল মঙ্গলবার যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রাজাপুর কওমি মাদ্রাসার ছাত্র রাজাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে খালেদ সাইফুল্লাহ (১৩) ও পাবনার আটঘরিয়া উপজেলার রামেশ্বরপুর গ্রামের মইনাল সর্দারের ছেলে আমিনুল ইসলাম (১৩) গত সোমবার সকাল ১০টায় মাদ্রাসার উদ্দেশে রওনা হওয়ার পর নিখোঁজ হয়। রাত আটটার দিকে একটি মুঠোফোন নম্বর থেকে রফিকুল ইসলামের কাছে ফোন করে ওই দুজনকে অপহরণ করা হয়েছে বলে জানানো হয়। মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা মঙ্গলবার সকালের মধ্যে না দেওয়া হলে তাদের হত্যা করার হুমকি দেওয়া হয়। অভিভাবকেরা সোমবার রাতেই বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠিয়ে দেন।
গতকাল বেলা ১১টার দিকে আগের নম্বর থেকে অপহৃত খালেদকে তার বাবার সঙ্গে কথা বলতে দেওয়া হয়। সে তার বাবাকে বলে, ‘টাকা নেওয়ার জন্য অপহরণকারীরা বড়াইগ্রামের বনপাড়া বাজারে গিয়েছিল। টাকা না পাওয়ায় আমাদের অন্য জায়গায় সরিয়ে নিচ্ছে।’ এরপর ওই নম্বরটি বন্ধ করে দেওয়া হয়। ঘটনাটি জানিয়ে মাদ্রাসার শিক্ষক আবদুল লতিফ বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি জিডি করেন।
সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, তাঁরা এ ব্যাপারে তৎপর রয়েছেন।
গত ২৫ আগস্ট নাটোর শহরের আলাইপুর আশরাফুল উলুম কওমি মাদ্রাসার তানভির হোসেনকে (১১) তারই দুই সহপাঠী অপহরণ করে হত্যা করে লাশ গুম করে। পরে তার লাশ মাদ্রাসার পাশের একটি বাড়ির সেফটি ট্যাংক থেকে উদ্ধার করা হয়।