নাটোরে দুজন খুন
নাটোরের বড়াইগ্রাম ও লালপুর উপজেলায় দুজন খুন হয়েছেন। গত সোমবার রাতে ঘটনা দুটি ঘটেছে।
নিহত ব্যক্তিরা হলেন বড়াইগ্রাম উপজেলার বিষ্ণুপুর গ্রামের কৃষক আকবর আলী মণ্ডল (৫০) ও লালপুরের নওপাড়ার খোদাবক্স প্রামাণিকের ছেলে মিন্টু আলী (২৭)।
বড়াইগ্রাম থানা-পুলিশ সূত্র জানায়, উপজেলার বিষ্ণুপুর গ্রামের আকবর আলী মণ্ডল ও তাঁর স্ত্রী আঞ্জুয়ারা বেগম সোমবার রাতে খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত একটার দিকে আকবর আলী প্রাকৃতিক প্রয়োজনে ঘরের বাইরে গেলে একই গ্রামের ইরন আলী মণ্ডলের ছেলে রবিউল ইসলাম (৩০) তাঁদের ঘরে ঢোকেন। তিনি আঞ্জুয়ারার গলায় ছুরি ধরে টাকাপয়সা ও জিনিসপত্র বের করে দেওয়ার চাপ দেন। এ সময় আকবর আলী ঘরে ফিরে এলে রবিউলের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। একপর্যায়ে রবিউল তাঁর হাতে থাকা ছুরি দিয়ে আকবর আলীর বুকের দুই পাশে আঘাত করেন। এতে ঘটনাস্থলে আকবর আলীর মৃত্যু হয়। ঘটনা টের পেয়ে আশপাশের লোকজন ওই বাড়ি ঘিরে ফেলে আঞ্জুয়ারাকে আহত অবস্থায় উদ্ধার করেন। লোকজন এ সময় ঘটনাস্থল থেকে রবিউলকে ছুরিসহ হাতেনাতে আটক করে। খবর পেয়ে পুলিশ এলে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য নিহত কৃষকের লাশ গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহত আকবর আলী মণ্ডলের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় আটক রবিউল ইসলামকে আসামি করা হয়েছে। ওসি আরও জানান, রবিউল ইসলাম একজন বখাটে যুবক। এর আগে এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে তাঁর তিন মাসের কারাদণ্ড হয়েছিল।
লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, নওপাড়ার খোদাবক্স প্রামাণিকের ছেলে মিন্টু আলীকে সোমবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল মঙ্গলবার সকালে পাশের রাজশাহীর বাঘা উপজেলার সুলতানপুর কবরস্থানে তাঁর লাশ পাওয়া যায়।
সুলতানপুর গ্রামের বাসিন্দা আজিজুর রহমান জানান, তাঁকে হয়তো শ্বাসরোধ করে হত্যার পর লাশ কবরস্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক স্কুলশিক্ষক জানান, নিহত মিন্টু আলী পদ্মার চরের সন্ত্রাসী পান্না বাহিনীর সক্রিয় সদস্য ছিল। তাদের সঙ্গে প্রতিপক্ষ লালচান বাহিনীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তাদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় গত ১০ বছরে অন্তত ১০ জন খুন হয়েছে।
লালপুর থানার ওসি আবদুল হাই তালুকদার বলেন, ‘লাশ উদ্ধারের স্থানটি বাঘা উপজেলার মধ্যে পড়েছে। বাঘা থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করবে। ঘটনাস্থলটি আমাদের জেলার সঙ্গে লাগোয়া, তাই প্রাথমিকভাবে খোঁজ নিয়ে বাঘা থানাকে জানানো হয়েছে।’