নাটোরে নিখোঁজ বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ উদ্ধার, ৬ ছেলে থানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেনা বেগম
আমেনা বেগম

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নিখোঁজের ২০ ঘণ্টা পর এক বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা বিষয়টিকে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে করছে। জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধার ও তাঁর সতিনের ছয় ছেলেকে থানায় নেওয়া হয়েছে।
ওই বৃদ্ধার নাম আমেনা বেগম (৭৫)। তিনি বড়াইগ্রাম পৌরসভার কালীবাড়ি এলাকার মৃত মো. নায়েব আলী মণ্ডলের স্ত্রী।
পরিবার সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকাল নয়টার পর হঠাৎ নিখোঁজ হন আমেনা। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি। ফলে রাতেই বড়াইগ্রাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ির পাশের মেহগনি বাগানে আমেনার মৃতদেহ পাওয়া যায়। সেটি টিন দিয়ে ঢাকা ছিল। দড়ি ও কলাগাছের শুকনো আঁশ (ছাল) দিয়ে হাত-পা বাঁধা ছিল। খবর পেয়ে বড়াইগ্রাম থানা-পুলিশ এসে লাশ উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খান বলেন, প্রাথমিকভাবে এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে। আমেনা বেগম মৃত নায়েব আলী মণ্ডলের দ্বিতীয় স্ত্রী। তাঁর তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। আর প্রথম স্ত্রীর আছে তিন ছেলে। পারিবারিক কোনো বিবাদ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নায়েব আলী মণ্ডলের ছয় ছেলেকে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।