নাটোরে ব্যবসায়ী সুনীল হত্যায় গ্রেপ্তার ১
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া খ্রিষ্টানপাড়ায় ক্ষুদ্র ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যা মামলায় আবদুল্লাহ আল মামুন ওরফে সবুজ আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তিনি সুনীলের বাড়ির একজন ভাড়াটে।
গতকাল সোমবার সবুজ আলীকে বড়াইগ্রাম আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সামশুল আল আমিনের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চায় গোয়েন্দা পুলিশ। আদালত এ বিষয়ে আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের একটি সূত্র বলছে, মামলার তদন্তে সহযোগিতার জন্য ঢাকা থেকে পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা গতকাল সকালে নাটোরে পৌঁছেছেন। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিনকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত তদারকি দলও গঠন করা হয়েছে।
বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, সুনীল গোমেজ হত্যার ঘটনায় তাঁর মেয়ে স্বপ্না গোমেজ গত রোববার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বড়াইগ্রাম থানায় মামলা করেন। মধ্যরাতে মামলাটি নেওয়ার পরপরই তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল হাইকে।
পরিদর্শক আবদুল হাই প্রথম আলোকে বলেন, মামলার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য সুনীলের ভাড়াটে সবুজ আলীকে আটক করা হয়। তিনি একজন ট্রাকচালক। পরে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। হত্যার রহস্য উদ্ঘাটনে সুনীলের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে সম্ভাব্য কারণ ও দোষী ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
বনপাড়ার খ্রিষ্টানপাড়ায় গত রোববার দুপুর ১২টার দিকে সুনীল গোমেজকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয়। নাটোর সদর হাসপাতালে লাশের ময়নাতদন্তের পর গতকাল বিকেলে বনপাড়া খ্রিষ্টান কবরস্থানে সুনীলকে সমাহিত করা হয়।
নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, সুনীলের ঘাড়ে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
সুনীল হত্যার প্রতিবাদে রোববার সন্ধ্যায় বনপাড়া বাজারে মানববন্ধন করে সাত দিনের মধ্যে দোষী ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। গতকালও দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেন তাঁরা।