নাটোরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলার শাঁখারীপাড়া এলাকায় মাদাকাসক্ত ছেলে মিজানুর রহমানকে (২৫) গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছেন তাঁর বাবা-মা। আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, শাঁখারীপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে মিজানুর একজন মাদকাসক্ত যুবক। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মাকে অত্যাচার করতেন। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মিজানুরকে গতকাল দুপুরে তাঁর বাবা পুলিশের মাধ্যমে ইউএনও ও নির্বাহী হাকিম শারমিন আক্তার জাহানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। সবকিছু শোনার পর আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁকে নাটোর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

বাবা আবদুস সালাম বলেন, ছেলে মিজানুর প্রতিদিন মাদক কেনার জন্য তাঁদের কাছে টাকা চাইতেন। টাকা না দিলেই তিনি বাড়ির লোকজনের ওপর নির্যাতন করতেন, এটা-ওটা চুরি করে বিক্রি করে দিতেন। তাই নিরুপায় হয়ে তাঁরা ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দিয়েছেন।

ইউএনও ও নির্বাহী হাকিম শারমিন আক্তার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।