নাটোরে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কায়েমকোলা গ্রামের আশরাফুল ইসলাম (২৪) নামের এক যুবক খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কামারদহ গ্রামের একটি কলাবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে এক গ্রামপুলিশ বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।
বড়াইগ্রাম থানা ও এলাকাবাসী সূত্র জানায়, আশরাফুল কায়েমকোলা গ্রামে নানাবাড়িতে থাকতেন। কৃষিকাজ করতেন তিনি। বৃহস্পতিবার রাত নয়টায় পথচারীরা কামারদহ গ্রামের রব্বেছ আলীর কলাবাগানের ভেতরে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নেয়।
গতকাল শুক্রবার সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে কায়েমকোলা গ্রামের গ্রামপুলিশ মোফাজ্জল হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রামের কলেজশিক্ষক মিজানুর রহমান বলেন, ‘ছেলেটির পিতৃপরিচয় নিয়ে সংকট ছিল। দুই যুগ আগে ছেলেটির মায়ের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির প্রেমের সম্পর্ক থেকে ছেলেটির জন্ম বলে তার মা দাবি করে আসছিলেন। তবে ওই লোক কখনো ছেলেটিকে নিজের সন্তান বলে স্বীকৃতি দেয়নি। এ নিয়ে এলাকায় একাধিক সালিসও হয়েছে। ছেলে বড় হয়ে নিজেও স্বীকৃতির দাবিতে ওই লোকের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছিল।’
ওই যুবকের মা গতকাল কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘ছেলিডার জীবনডা খুব কষ্টের ছিল গো।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আশরাফুলের পরনের জামাকাপড় ছেঁড়া ছিল। নাক-মুখে রক্ত লেগে ছিল। তাঁর পিতৃপরিচয় নিয়ে জটিলতার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।