নাটোরে যুবককে খুন করে মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আদগ্রামে গত রোববার রাতে আবুল হাশেম (২৫) নামের এক যুবককে হত্যা করে তাঁর মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের পিটুনিতে তাঁর দুই বন্ধুও গুরুতর আহত হয়েছেন।
একই সময় বাগাতিপাড়া উপজেলায় চালককে বেঁধে রেখে আরেকটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া চুরি যাওয়া আরেকটি মোটরসাইকেল উদ্ধার এবং একটি ভটভটি জব্দ করা হয়েছে।
বড়াইগ্রাম থানা ও এলাকাবাসী জানান, রোববার রাত পৌনে নয়টার দিকে চণ্ডীপুর গ্রামের আবুল হাশেম তাঁর বন্ধু জুয়েল রানাকে (২৫) সঙ্গে নিয়ে নিজের মোটরসাইকেলে করে আরেক বন্ধু ইদ্রিস আলীকে (২৬) ঢাকার বাসে তুলে দেওয়ার জন্য রাজ্জাক মোড়ে যাচ্ছিলেন। আদগ্রামের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেল থামিয়ে তাঁদের ব্যাপক মারপিট শুরু করে। একপর্যায়ে আবুল হাশেমকে শ্বাসরোধে হত্যা করা হয়। অন্য দুজনের হাত-পা বেঁধে রেখে দুর্বৃত্তরা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। রাত পৌনে ১১টার দিকে আহত ব্যক্তিদের চিৎকার শুনে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আবুল হাশেমের লাশ উদ্ধার করে প্রথমে তাঁর বাড়িতে এবং পরে থানায় নিয়ে যায়। গতকাল সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাশেম আদগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক ওসমান গণির একমাত্র ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম বলেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত নাকি আকস্মিক, তা তদন্ত করে দেখা হচ্ছে।