নাটোরে যুবলীগ নেতা খুন
নাটোরে যুবলীগের এক নেতা খুন হয়েছেন। শহরের ঝাউতলা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি সিরাজ সিকদারকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। সিরাজের বাড়ি ঝাউতলা এলাকায়।
সদর থানা সূত্রে জানা গেছে, সিরাজ (২৬) রাত সোয়া আটটার দিকে ঝাউতলা মোড়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক সিরাজকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরওএমও) আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সিরাজের মৃত্যু হয়।
জেলা যুবলীগের সদ্যবিদায়ী সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রমজান আলী বলেন, প্রত্যক্ষদর্শী লোকজন হত্যাকারীদের চিনতে পেরেছেন। এ ঘটনায় মামলা করা হবে।
রাত পৌনে নয়টার দিকে মুঠোফোনে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মামলার প্রক্রিয়া চলছে।