নাটোরে শিক্ষকের পিটুনিতে ১০ ছাত্রী অচেতন
নাটোরের বড়াইগ্রামে পড়া না পারায় শিক্ষকের পিটুনিতে ১০ ছাত্রী অচেতন হয়ে পড়েছে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নগর উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে নগর উচ্চবিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক (স্থানীয়ভাবে চুক্তিভিত্তিক) রবিউল করিম বাকি ষষ্ঠ শ্রেণিতে ইংরেজি বিষয়ের ক্লাস নিতে যান। এ সময় পড়া না পারায় তিনি ১০ ছাত্রীকে বেত দিয়ে পেটান। এতে শ্রেণিকক্ষেই তারা সংজ্ঞা হারিয়ে পড়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও অভিভাবকেরা স্কুল চত্বরে এসে ক্ষোভ প্রকাশ করেন ও অফিস কক্ষ ঘেরাও করেন। পরে অভিভাবক ও অন্য শিক্ষকেরা আহত ছাত্রীদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। তাদের মধ্যে চৌমুহন গ্রামের ছাত্রী সাগরিকা, বন্যা ও নিশাকে জোনাইল শাফি ক্লিনিকে এবং নগর গ্রামের রিন্তি, আটাই গ্রামের আমেনা ও বড়দেহা গ্রামের মীরাসহ অন্যদের বনপাড়া ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রবিউল করিম বাকি গা ঢাকা দিয়েছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, ‘ওই সময় আমি শিক্ষা অফিসে ছিলাম। তবে ওই শিক্ষক সবাইকে মারেননি। দু-একজনকে পিটুনি দেওয়ার পর ভয়ে ও গরমে অন্যরা অসুস্থ হয়ে পড়ে বলে শুনেছি। তবে এখন সবাই সুস্থ।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম চৌধুরী বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’