নাটোরে সাংসদের 'ছেলেদের' তাণ্ডব
নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সাংসদ শফিকুল ইসলাম ওরফে শিমুলের সহযোগীরা গত রোববার রাতে শহরের বলারিপাড়া মহল্লার একটি খানকাহ শরিফে ঢুকে তাণ্ডব চালিয়েছেন।
রাত নয়টার দিকে ৩০-৩৫ জন যুবক ১৫-১৬টি মোটরসাইকেলে করে সেখানে যান। তাঁরা তিনতলা খানকাহ শরিফটি চারদিক থেকে ঘিরে ফেলেন। এরপর সীমানাদেয়াল টপকে ভেতরে ঢুকে ভবনের প্রধান ফটক ভেঙে ফেলেন। এরপর ভাঙচুর ও লুটপাট শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁরা ফাঁকা গুলি ছোড়েন। পরে পুলিশ এসে তাঁদের বুঝিয়ে ফিরিয়ে নিয়ে যায়।
সাংসদ শফিকুল ইসলাম এ হামলার কথা স্বীকার করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘এটা মিসটেক হয়েছে। আমার ছেলেরা ভুল করে ওই বাড়িতে ঢুকেছিল। আমি তাদের বকাঝকা করেছি। বাড়ির মালিককে কিছু ক্ষতিপূরণ দিয়ে মিটমাটও করেছি। আসলে সেখানে জামায়াত-শিবিরের ক্যাডাররা সভা করছে, এমন খবরে ছেলেরা গিয়েছিল।’
ভবনটির মালিক আবদুল মতিন নেছারী (পীর সাহেব রসুলপুরি)। তাঁর স্থায়ী ঠিকানা পিরোজপুরে হলেও নাটোর এলাকায় তিনি ওয়াজ মাহফিল করেন। এই এলাকায় তাঁর মুরিদ বেশি থাকায় তিনি নাটোরে বাড়ি করেছেন। বাড়ির দোতলায় তাঁর খানকাহ শরিফ। বাড়িটি প্রাচীর দিয়ে ঘেরা।
খানকাহ-এ-নেছারীয়া শরিফ মঞ্জিলের প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা শাবল দিয়ে ভবনের নিচতলার গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। তাঁরা দোতলায় পীরের শয়নকক্ষ ও অন্যান্য কক্ষে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান। তত্ত্বাবধায়কের কক্ষের টিনের বাক্স ভেঙে নগদ সাড়ে ১৩ হাজার টাকা, দুটি মোটরসাইকেল, কিছু অলংকার ও ফ্রিজ থেকে মাছ-মাংস নিয়ে যান।
খানকাহ শরিফের ভাড়াটে পুলিশ কনস্টেবল জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম ডাকাত ঢুকেছে। হামলাকারীরা আমাদের খুন করার হুমকি দিচ্ছিল ও গুলি করছিল। তারা নিজেদের এমপির লোক বলেও চিৎকার করছিল।’
অপর কনস্টেবল তারেক রহমান বলেন, ‘দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এত লোক দেখে ভয়ে আমরা স্যারদের ফোন করি। কিন্তু ভালো করে কথা বলতে পারছিলাম না।’
স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই হামলার কথা স্বীকার করে বলেন, ‘আমাদের ছেলেরা ভুল করে পীর সাহেবের বাড়িতে ঢুকে পড়েছিল। এমপি সাহেব এ জন্য বাড়ির মালিকের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি আমার মাধ্যমে ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার টাকা দিয়েছেন।’
এ ঘটনায় কোনো মামলা হলো না কেন, জানতে চাইলে নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমি সেখানে পুলিশ পাঠিয়েছি। পুলিশ যাওয়ার সঙ্গে সঙ্গে হামলাকারীরা অন্ধকারে পালিয়ে গেছে। এ ব্যাপারে কেউ লিখিত কোনো অভিযোগ দেননি বলে জিডি বা মামলা হয়নি।’ তিনি জানান, স্থানীয় সাংসদের সহযোগিতায় দুই কনস্টেবলের দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।