নাটোরে সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলীর বাসায় হামলা
নাটোর শহরের কানাইখালী এলাকায় গতকাল মঙ্গলবার রাত নয়টায় সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাঁর মেয়ে-জামাতা ও কেয়ারটেকারকে মারধর করে চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। সাবেক এই প্রতিমন্ত্রী ঘটনার জন্য যুবলীগের একটি অংশকে দায়ী করেছেন।
নাটোর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত নয়টার দিকে ছয় দুর্বৃত্ত অতর্কিতভাবে ক্রিকেটের স্ট্যাম্প ও আগ্নেয়াস্ত্র নিয়ে আহাদ আলী সরকারের কানাইখালীর বাসভবনের নিচতলায় ঢুকে পড়ে। এ সময় বাসার কেয়ারটেকার বাবুল আক্তার বাধা দিলে তাঁকে বেধড়ক পিটিয়ে অতিথিকক্ষে ঢোকে। এ সময় তাঁর মেয়ে মৌসুমী পারভীন সেখানে এলে তাঁকেও স্ট্যাম্প দিয়ে পেটায়। তখন তাঁর দুই জামাতা মাজহারুল ইসলাম ও আশরাফুল ইসলাম নেমে এলে দুর্বৃত্তরা তাঁদেরও মারধর করে। এ সময় আহাদ আলী সরকারের স্ত্রী দীর্ঘ সময় ধরে চিৎকার-চেঁচামেচি করলেও ভয়ে আশপাশ থেকে কেউ এগিয়ে আসেননি। ততক্ষণে দুর্বৃত্তরা মেয়েদের চার লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে চলে যায়। এ সময় দুর্বৃত্তরা আহাদ আলী সরকারকে খোঁজাখুঁজি করতে থাকে। তবে তিনি এ সময় বাসার বাইরে ছিলেন। মুঠোফোনে খবর পেয়ে তিনি পুলিশ সুপার ও সদর থানাকে ঘটনাটি জানালে বিপুলসংখ্যক পুলিশ বাড়িতে আসে।
প্রত্যক্ষদর্শী ও আহাদ আলী সরকারের বড় জামাতা আশরাফুল ইসলাম জানান, তিনি বাইরে থেকে বাসার প্রধান ফটকে ঢুকতেই দুর্বৃত্তরা তাঁর পরিচয় জানতে পেরে তাঁকে টেনেহিঁচড়ে ঘরের মধ্যে নিয়ে যায় এবং নগদ টাকা ও অফিসের মূল্যবান কাগজপত্র নিয়ে নেয়। এ সময় তিনি বাসার অন্যদের আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
আহাদ আলী সরকার রাতেই তাঁর বাসায় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, পৌর যুবলীগের সদস্য সাব্বির হোসেনের নেতৃত্বে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে। তবে অভিযুক্ত সাব্বিরের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা যায়নি।