নাটোরের লালপুরের বাকনা ও খাঁপাড়া গ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনায় বাকনাই গ্রামের ৩২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় পাঁচ নারীসহ ১০ জনকে পুলিশ গ্রেপ্তার করে গতকাল রোববার আদালতে হাজির করলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
লালপুর থানা ও আমলি আদালত সূত্রে জানা যায়, নির্বাচনের পরের দিন শুক্রবার বাকনাই গ্রামে মারপিট, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে সাহাজান আলী বাদী হয়ে শুক্রবার রাতে লালপুর থানায় মামলা করেন। মামলায় ৩২৮ জনকে আসামি করা হয়। এর মধ্যে ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাতনামা।
মামলা দায়েরের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শুক্রবার রাতেই মমিনপুর গ্রামে কয়েক দফা অভিযান চালান। এ সময় অধিকাংশ বাড়িতে পুরুষ সদস্যরা না থাকায় পুলিশ পাঁচ নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পরাজিত সদস্য প্রার্থী আবদুল হান্নানের সমর্থক বলে এলাকাবাসী জানান। বাদী বিজয়ী প্রার্থী ইউছুফ আলীর সমর্থক।