নাটোরের গুলিবিদ্ধ যুবলীগ নেতা মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোকসভা থেকে ফেরার পথে গত শনিবার নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় গুলিবিদ্ধ যুবলীগের কর্মী রাজিব হোসেন চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
নাটোর থানার পুলিশ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নাটোরের তেবাড়িয়া এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যকার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবলীগের কর্মী রাজিব হোসেন গত শনিবার রাতে হাসপাতালে ভর্তি হন। ওই রাতেই তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে দুই দিন ধরে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল বুধবার রাত আটটার দিকে তিনি মারা যান।
নিবিড় পরিচর্যা কেন্দ্রের ওয়ার্ডমাস্টার মোশারফ হোসেন রাত নয়টায় তাঁর মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে জানান, রাজিবের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহীর রাজপাড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে দিয়ে দেওয়া হবে।
এদিকে রাজিবের মৃত্যুর খবর পাওয়ার পরপরই তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকে রাতেই লাশ আনার জন্য রাজশাহীতে গেছেন। জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও পিপি সিরাজুল ইসলাম বলেন, নাটোরে আজ বৃহস্পতিবার জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হবে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নেতা-কর্মীদের শান্ত থাকার কথা বলা হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় নাটোর শহরের একতার মোড়ে জাতীয় শোক দিবসের সভা চলাকালে যুবলীগের কিছু কর্মী তেবাড়িয়া বাজার এলাকায় পৌঁছালে বিএনপির নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় যুবলীগের কর্মী রাজিব হোসেন ও নাজমুল হোসেন গুলিবিদ্ধ হন। ওই রাতেই রাজিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় নাটোর জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ প্রায় ১০০ জনের বিরুদ্ধে ইতিমধ্যে সদর থানায় মামলা হয়েছে। মামলায় ২৩ জনকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রাজিব হোসেনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, শহর শান্ত রাখতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।