নাটোরের তিন যুবলীগ নেতা-কর্মীর লাশ দিনাজপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আবদুল্লাহ ,রেদোয়ান সাব্বির ও  সোহেল
মো. আবদুল্লাহ ,রেদোয়ান সাব্বির ও সোহেল

নাটোর থেকে তিন যুবককে অপহরণের দুই দিন পর গতকাল সোমবার দিনাজপুরে তাঁদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তিদের পরিবারের ভাষ্য, তিনজনকে র‍্যাব পরিচয়ে মারধর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান কয়েকজন।
নিহত যুবকেরা হলেন নাটোরের আবদুল্লাহ আকন্দ (২৮), রেদোয়ান সাব্বির (২৬) ও সোহেল রানা (২৭)। আবদুল্লাহ সদর উপজেলার কানাইখ্লী এলাকার লুৎফর রহমান মাওলানা ও রেদোয়ান একই এলাকার সোনা মিয়ার ছেলে। আর সোহেল তালতলা হাফরাস্তা এলাকার কালু মিয়ার ছেলে।
নাটোর যুবলীগ দাবি করেছে, নিহত ব্যক্তিরা তাদের সংগঠনের নেতা-কর্মী। তবে আবদুল্লাহর পরিবার বলেছে, তিনি রাজনীতি করতেন না। তাঁর নামে কোনো মামলাও ছিল না।
রেদোয়ানের মা গত রোববার রাতে র‍্যাব পরিচয়ে তাঁর ছেলেসহ তিনজনকে তুলে নেওয়ার অভিযোগে নাটোর সদর থানায় একটি জিডি করেছিলেন। এ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেদোয়ানের নামে অপহরণসহ ১২টি মামলা ও সোহেলের নামে হত্যাসহ তিনটি মামলা রয়েছে।

র‍্যাব নাটোর ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান বলেন, তাঁদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। কারা, কেন তিনজনকে অপহরণ করেছে বা হত্যা করেছে, তা তাঁদের জানা নেই।

গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কলাপাড়া এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের পাশে একটি আমবাগানে তিন যুবকের লাশ পড়ে রয়েছে। সবার পরনে নীল জিনসের প্যান্ট। ঘটনাস্থলের প্রায় ২০০ গজ পশ্চিমে সড়কের পাশে একটি পুলিশ বক্স।

ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) এম এ আনোয়ার হোসেন বলেন, বুলাকিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) গ্রাম পুলিশ জাভেদের মাধ্যমে গতকাল সকাল আটটার দিকে গুলিবিদ্ধ লাশগুলোর খবর পান তাঁরা। পরে সেগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) তাজরুল ইসলাম সরদার। তিনি প্রথম আলোকে বলেন, আবদুল্লাহ ও রেদোয়ানের কপাল ও মাথায় দুটি করে আর সোহেলের মাথায় একটি গুলি বিঁধেছিল।

আবদুল্লাহর ছোট ভাই আহমদুল্লাহসহ তাঁর পরিবারের কয়েকজন প্রথম আলোকে বলেন, শনিবার রাতে আবদুল্লাহ মোটরসাইকেল নিয়ে নানাবাড়ি রাজশাহীর পুঠিয়া থেকে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা তাঁদের জানান, রাত ১১টার দিকে নাটোর সদরের তোকিয়া মোড়ে মান্নান মিয়ার দোকানে চা খেতে বসেন আবদুল্লাহ। এ সময় সেখানে চা খাচ্ছিলেন রেদোয়ান ও সোহেল। কিছুক্ষণ পরই একটি সাদা ও একটি কালো রঙের মাইক্রোবাস দোকানটির সামনে এসে থামে। গাড়ি থেকে ১০-১২ নেমে নিজেদের র‍্যাবের সদস্য বলে পরিচয় দেন। এরপর লাঠি দিয়ে আবদুল্লাহ, রেদোয়ান ও সোহেলকে মারধর করে গাড়িতে তুলে নিয়ে রাজশাহীর দিকে চলে যান।

আবদুল্লাহর পরিবারের লোকজন বলেন, রাত ১২টার দিকেও বাড়ি না ফিরলে ফোন করে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। রাতেই লোকজনের কাছ থেকে খবর পান, আবদুল্লাহসহ তিনজনকে কারা যেন অপহরণ করেছে। পরে র‍্যাব, ডিবি কার্যালয় ও সংশ্লিষ্ট থানায় খোঁজ নিতে গেলে তারা জানায়, তারা কাউকে উঠিয়ে নিয়ে যায়নি। এরপর গতকাল আবদুল্লাহর গুলিবিদ্ধ লাশ পাওয়ার খবর জানতে পারেন।

যুবলীগের সংবাদ সম্মেলন: নাটোর জেলা, উপজেলা ও পৌর যুবলীগ যৌথভাবে গতকাল দুপুরে নাটোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে, নিহত তিনজন তাদের সংগঠনের নেতা-কর্মী। দুষ্কৃতকারীরা অপহরণ করে তাঁদের হত্যা করেছে।

সংবাদ সম্মেলনে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমীন লিখিত বক্তব্যে বলেন, পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রেদোয়ান শনিবার রাতে কর্মী আবদুল্লাহ ও সোহেলকে নিয়ে ব্যবসার কাজে সদর উপজেলার তোকিয়া বাজারে যান। সেখান থেকে ১৫-১৬ জন মুখোশ পরা ব্যক্তি তাঁদের মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে হত্যা করে।

উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট রেদোয়ানকে র‍্যাবের সদস্যরা কানাইখালি এলাকায় স্থানীয় সাংসদ শফিকুল ইসলামের সভাস্থল থেকে আটক করে। পরে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পালিয়ে যান। এ নিয়ে পরদিন ১৪ আগস্ট প্রথম আলোয় ‘র‍্যাবের হাতে আটক, পরে হাসপাতাল থেকে পলায়ন’ শীর্ষক খবরও প্রকাশিত হয়েছে।