নাটোর ও বাউফলে প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রোলভা সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপের পাঁচটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। পটুয়াখালীর বাউফল উপজেলার পশ্চিম অলিপুরা গ্রামে জয়দুর্গা মন্দিরে ভাঙচুর করা হয়েছে আরেকটি প্রতিমা। গত শুক্রবার গভীর রাতে এ দুটি ঘটনা ঘটে।
বড়াইগ্রামের মন্দিরের সভাপতি নীরেন্দ্রনাথ তলা পাত্র প্রথম আলোকে বলেন, শুক্রবার মধ্যরাত পর্যন্ত কারিগরেরা মণ্ডপে পাঁচটি প্রতিমা তৈরি করে বাড়ি চলে যান। গতকাল সকালে তাঁরা মণ্ডপে এসে ওই প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান। বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
বাউফলের মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিচিত্র সরকার অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাঁদের দুর্গা প্রতিমা ভেঙে ফেলেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হুসেন খান, বাউফল থানার ওসি আ জা ম মাসুদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফয়েজ আহম্মেদ বলেন, পূজা শুরু হওয়ার আগেই ওই প্রতিমা আবারও তৈরি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।