নাটোরে অস্ত্রসহ পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার
নাটোর শহরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জেমস ও তাঁর দুই সহযোগীসহ পাঁচজনকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৫) সদস্যরা গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। গতকাল বুধবার সকালে তাঁদের আদালতে নেওয়া হয়।
র্যা ব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ওই মহল্লার রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৪টি বিদেশি পিস্তল, ২টি ওয়ান শুটারগান, ৯টি ম্যাগাজিন, ১৬টি গুলি ও ৭টি মুঠোফোন উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রথমে পুলিশ ও র্যা বের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জেমস ও তাঁর দুই সহযোগীকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। অস্ত্র ও গুলি রাখতে সহযোগিতা করায় এক নারীকেও আটক করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।