নাটোরে আ. লীগ নেতার ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাহিমালি গ্রামে আজ শনিবার সকালে আবু রায়হান (৪৫) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ পাওয়া গেছে। লাশের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ বলছে, গতকাল শুক্রবার রাতের কোনো একসময় তাঁকে হত্যা করা হয়। আবু রায়হান হত্যা মামলার আসামি ছিলেন।

স্থানীয় লোকজন জানায়, আজ সকালে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রায়হানের লাশ পাওয়া যায়। তিনি উপজেলার মাঝগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তাঁর দলীয় পরিচয়ের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, বাহিমালি গ্রামের লোকজন সকালে ঘুম থেকে উঠে রায়হানের মরদেহ দেখেন। খবর পেয়ে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশের সুরতহাল তৈরি ও ময়নাতদন্তের প্রস্তুতির কাজ চলছিল। মামলা হয়নি।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দয়াল ব্যানার্জি জানান, আবু রায়হানকে কারা, কেন, কীভাবে হত্যা করেছে, তা জানা যায়নি। নিহত আবু রায়হানের বিরুদ্ধে ওই গ্রামের কৃষক মোতালেব হোসেনকে গুলি করে হত্যা করার অভিযোগে মামলা রয়েছে। গত বছর ৬ এপ্রিল রাতে তাঁকে হত্যা করা হয়।