নাটোরে আ.লীগ-বিএনপি সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>যুবদল নেতাসহ আটজন আটক, মাথায় গুলিবিদ্ধ রাজীবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় গত শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জেলা যুবদলের সভাপতিসহ আটজনকে আটক করেছে। 

আটক ব্যক্তিরা হলেন জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম আফতাব (৪২), জেলা ছাত্রদলের সহসভাপতি সানোয়ার হোসেন তুষার (৩৫), জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হকের ছেলে সাদেকুল হক (৩০) এবং বিএনপির সমর্থক আলী আজগর (২৮), হাবিবুর রহমান (৩২), আবুল কালাম আজাদ (৪৩), সোহেল আনোয়ার (৩২) ও শরৎ কুমার (২৫)। শনিবার রাতভর অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ।
নাটোর সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার বিকেলে নাটোরের স্টেশনবাজারের একতার মোড়ে স্থানীয় যুবলীগ শোকসভার আয়োজন করে। স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম এতে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের কিছু কর্মী-সমর্থক সভা শেষ হওয়ার কিছুক্ষণ আগে বাড়ি ফিরছিলেন। শহরের রেলগেট এলাকায় তাঁরা রিংকু হোসেন নামের বিএনপির এক সমর্থককে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে শহরের তেবাড়িয়া এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। তখন গুলিবিদ্ধ হন ছাত্রলীগের কর্মী রাজীব হোসেন ও যুবলীগের কর্মী নাজমুল হোসেন। মাথায় গুলিবিদ্ধ রাজীবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নাজমুলকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সংঘর্ষের পরপরই নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন পাটোয়ারীর তেবাড়িয়া এলাকার বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। আগুন দেওয়ার চেষ্টা হয় বিএনপির কর্মী জাবেদ আলীর বাড়িতেও। নাটোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তার হোসেন বলেন, ওই দুটি বাড়ির সামনে খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছিল। পরে নিয়ন্ত্রণে আনা হয়।
নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ শফিকুল ইসলামের ব্যক্তিগত সহকারী আকরাম হোসেন ঘটনার পর সাংবাদিকদের বলেন, গুলিবিদ্ধ দুজনই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।
নাটোর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও তেবাড়িয়া ইউপির চেয়ারম্যান সারোয়ার হোসেন বলেন, বিএনপির নেতা-কর্মীরা কারও ওপর হামলা চালাননি। আওয়ামী লীগের লোকজনই বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন ও বাড়িতে আগুন দিয়েছেন।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান গতকাল বিকেল সাড়ে চারটায় প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে এখনো কোনো মামলা হয়নি।