নাটোরে আ.লীগ-বিএনপি সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তেবাড়িয়া এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাটোর সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বিকেলে নাটোরের স্টেশনবাজারের একতার মোড়ে স্থানীয় যুবলীগ শোকসভার আয়োজন করে। স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম এতে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের কিছু কর্মী-সমর্থক সভা শেষ হওয়ার কিছুক্ষণ আগেই বাড়ি ফিরছিলেন। শহরের রেলগেট এলাকায় তাঁরা বিএনপির এক সমর্থককে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে শহরের তেবাড়িয়া এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। তখন গুলিবিদ্ধ হন ছাত্রলীগের কর্মী রাজীব হোসেন ও যুবলীগের কর্মী নাজমুল হোসেন। মাথায় গুলিবিদ্ধ রাজীবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নাজমুলকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পরপরই নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন পাটোয়ারীর তেবাড়িয়া এলাকার বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা হয়। আগুন ধরানোর চেষ্টা হয় বিএনপির কর্মী জাবেদ আলীর বাড়িতেও। নাটোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তার হোসেন বলেন, ওই দুটি বাড়ির সামনে খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছিল। তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।
নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ শফিকুল ইসলামের ব্যক্তিগত সহকারী আকরাম হোসেন ঘটনার পর সাংবাদিকদের বলেন, গুলিবিদ্ধ দুজনই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।
নাটোর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার হোসেন বলেন, বিএনপির নেতা-কর্মীরা কারও ওপর হামলা চালাননি। আওয়ামী লীগের লোকজনই বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন ও বাড়িতে আগুন দিয়েছেন।
রাতে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত আছি। তেবাড়িয়া এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’