নাটোরে আবারও গুলি করে মোটরসাইকেল ছিনতাই
নাটোরে চালককে গুলি করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে নাটোর-ঢাকা মহাসড়কে সদর উপজেলার সৈয়দের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মোটরসাইকেল চালক রেজাউল করিমকে (৩৪) নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বড়াইগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। রেজাউল একটি কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধি।
নাটোর সদর থানা সূত্রে জানা গেছে, আজ বিকেলে মোটরসাইকেলে করে রেজাউল নাটোর থেকে বড়াইগ্রামের রাজেন্দ্রপুর এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। বিকেল পাঁচটার দিকে নাটোর-ঢাকা মহাসড়কে সদর উপজেলার সৈয়দের মোড় এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। এ সময় রেজাউল মোটরসাইকেল নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য গুলি ছোড়ে। গুলিটি রেজাউলের পায়ে লাগলে তিনি মাটিতে পড়ে যান। এ সময় দুর্বৃত্তদের একজন তাঁর মোটরসাইকেলটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার আমেনা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
সদর হাসপাতালে আহত রেজাউল প্রথম আলোকে বলেন, তিনি প্রতিদিনই বাড়ি থেকে মোটরসাইকেলে করে নাটোরে কর্মস্থলে আসা যাওয়া। এ কারণে দুর্বৃত্তরা হয়তো আগে থেকে পরিকল্পনা করেই এ ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ জানান, দুর্বৃত্তদের ছোড়া গুলিটি রেজাউলের ডান পায়ের ঊরুতে লেগে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। বেশ রক্তক্ষরণ হয়েছে। তবে রেজাউল আশঙ্কামুক্ত।
এর আগে গত ১২ জানুয়ারি বিকেলে দুর্বৃত্তরা লালপুরের তিন খুঁটি এলাকায় গুলি করে এক কলেজশিক্ষককে হত্যা করে তাঁর মোটরসাইকেলটি ছিনতাই করে।