নাটোরে আবারও গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা
নাটোরে আবারও মহাসড়কে গুলি করে মোটরসাইকেলচালককে আহত করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত মোটরসাইকেলের চালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
সম্প্রতি একই কায়দায় জেলার চারটি পৃথক স্থানে দুর্বৃত্তরা গুলি করে মোটরসাইকেল ছিনতাই করে ও চারজনকে হতাহত করে। এখন পর্যন্ত এসব ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের পুলিশ শনাক্ত করতে পারেনি।
বড়াইগ্রাম থানা ভুক্তভোগী ব্যক্তিদের সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে উপলশহর গ্রামের শুকুর আলীর ছেলে রুবেল হোসেন (২৫) ও কিসমত আলীর ছেলে শহীদ উদ্দিন (২৩) কলাবাগান এলাকা থেকে অ্যাপাচি মোটরসাইকেল নিয়ে লক্ষ্মীকোলের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দুটি মোটরসাইকেলে ছয় আরোহী তাঁদের পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুই দুর্বৃত্তরা রুবেল হোসেনকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছুড়তে থাকে। দুটি গুলি রুবেলের বাঁ পায়ে এবং একটি গুলি ডান পায়ে লাগে। এতে দুজনই মাটিতে পড়ে যান। তখন দুর্বৃত্তরা লাঠি দিয়ে রুবেল ও শহীদকে এলোপাতাড়ি পেটায়। এতে রুবেলের মাথায় জখম হয়। এর পরপরই দুর্বৃত্তরা রুবেলের মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু আকস্মিকভাবে পাঁচ আরোহী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা সেখানে এসে থামলে দুর্বৃত্তরা মোটরসাইকেল ফেলে তাদের মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
পথচারীদের মাধ্যমে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বড়াইগ্রাম থানার পুলিশ ঘটনাস্থল এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে তাঁদের নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম এই প্রতিনিধিকে বলেন, রুবেলের দুই পায়ে মোট তিনটি গুলির আঘাত রয়েছে। ডান পায়ের গুলি হাড়ের মধ্যে ঢুকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই পা কার্যকারিতা হারাতে পারে। তা ছাড়া মাথায়ও আঘাত রয়েছে। বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুন নূর জানান, খবর পাওয়ামাত্র টহল পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে দুর্বৃত্তদের আটক করা সম্ভব হয়নি। বিভিন্ন স্থানে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, দুর্বৃত্তরা সংঘবদ্ধ ছিনতাইকারী বলে মনে হচ্ছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
একই পদ্ধতিতে গত ১২ জানুয়ারি নাটোরের লালপুরের তিনখুঁটি এলাকায় ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে গুলি করে কলেজশিক্ষককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর আগে লালপুরের দুয়ারিয়া ও বাগাতিপাড়ায় দিনের বেলায় গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। সর্বশেষ গত ১৯ জানুয়ারি দুপুরে নাটোরের সৈয়দের মোড়ে নাটোর-ঢাকা মহাসড়কে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত বছরের ৮ অক্টোবর একই মহাসড়কে নাটোর জেলাসংলগ্ন সিরাজগঞ্জের তাড়াশের ১০ নম্বর সেতুর কাছে ছিনতাইকারীরা একটি প্রাইভেট কার আটকিয়ে আরোহীদের সবকিছু ছিনতাই করে ও গুলি করে নাটোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গুরুতর আহত করে। ২১ নভেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান। সংশ্লিষ্ট থানায় এসব ঘটনায় মামলা হয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের কাউকেই পুলিশ এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি।