নাটোরে আহত কলেজছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের তেবাড়িয়া মহল্লায় প্রতিপক্ষের হামলায় আহত কলেজছাত্র মিঠু হোসেন (১৮) গতকাল রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, মিঠু টিএমএসএস কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা আব্দুস ছামাদ, মা মরিয়ম বেগম।

চিকিৎসকের বরাত দিয়ে বাবা আব্দুস ছামাদ জানান, প্রতিপক্ষের রডের আঘাতে মিঠুর মাথার অভ্যন্তরে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আব্দুস ছামাদ বাদী হয়ে গতকাল রাতে সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে শিমুল হোসেন, সোহাগ আলী, লিখন আলীসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

নাটোর থানার পুলিশ, পরিবার ও এলাকাবাসীর ভাষ্যমতে, পুকুরের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে গত মঙ্গলবার দুপুরে তেবাড়িয়া মধ্যপাড়ায় প্রতিপক্ষের হামলায় মিঠু ও তাঁর বাবা-মা আহত হন। তাঁদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় মিঠুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।

মিঠুর মরদেহ আজ সোমবার সকালে নাটোরে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।