নাটোরে ইসলামী ব্যাংকে ডাকাতির চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার ভোরে নাটোর সদর থানার কয়েক শ গজের মধ্যে অবস্থিত ইসলামী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে। ডাকাতেরা ব্যাংকের দুই নৈশপ্রহরীকে বেঁধে রেখে আটটি সিসি ক্যামেরা ও কম্পিউটার লুট করে নিয়ে গেলেও টাকা নিতে পারেনি। জিজ্ঞাসাবাদের জন্য দুই প্রহরীকে আটক করেছে পুলিশ।


নাটোর থানা ও ইসলামী ব্যাংক নাটোর শাখা সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে একদল ডাকাত ব্যাংকের পেছনের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা কর্তব্যরত দুই নৈশপ্রহরীকে মারপিট করে বেঁধে রাখে। এ সময় ডাকাতেরা ব্যাংকের আটটি সিসি ক্যামেরা ও একটি কম্পিউটার লুট করে। তবে তারা ব্যাংকের লকারের ভেতরে ঢুকলেও ভল্টের তালা ভাঙতে না পারায় টাকা নিতে পারেনি।

খবর পেয়ে পুলিশ ও ব্যাংকের কর্মকর্তারা সকালে ব্যাংকে ছুটে আসেন। নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক ও জ্যেষ্ঠ কর্মকর্তা সিরাজুল ইসলাম ব্যাংকের ভেতরে ঢুকে খোঁজ নিয়ে জানতে পারেন, এ ঘটনায় টাকা খোয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নৈশপ্রহরী নূর ই আলম ও আবদুস সাত্তারকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আলামত সংগ্রহের জন্য পুলিশের ক্রাইম সিনের সদস্যরা কাজ করছেন।

সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা নিজেদের পরিচয় গোপন রাখার জন্য শুরুতেই সিসি ক্যামেরা সরিয়ে নিয়েছে। তবে অন্যান্য আলামত সংগ্রহ করে ও নৈশপ্রহরীদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক জানান, সিসি ক্যামেরাগুলো দেয়ালের সঙ্গে তালাবদ্ধ বাক্সের ভেতর রাখা হয়েছিল। দুর্বৃত্তরা আগে এসব তালা ভেঙে ক্যামেরাগুলো সরিয়ে ফেলেছে। পরে তারা লকারের ভেতর ঢোকে। তবে তালা না ভেঙে সরু ফাঁক দিয়ে কীভাবে লকারে প্রবেশ করেছে তা বোঝা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।