নাটোরে ওয়ার্ড যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার ইয়াছিনপুরে রেললাইনের পাশে যুবলীগের নেতা ও মাছচাষি আবদুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে। হত্যার ঘটনায় জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম ওরফে আফতাবসহ পাঁচজনকে পুলিশ আটক করেছে।
নাটোর সদর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আবদুর রাজ্জাক ব্যাপারী তেবাড়িয়া এলাকার আবদুল মতিন ব্যাপারীর ছেলে। তিনি তেবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ছিলেন। সোমবার সন্ধ্যায় রাজ্জাক বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ইয়াছিনপুরের কয়েকটি পুকুর দেখার জন্য বের হয়ে যান।
রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। মঙ্গলবার সকালে ইয়াছিনপুর রেলস্টেশন এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি তাঁর (আবদুর রাজ্জাক) বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বিকেলে মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমীন আবদুর রাজ্জাকের দলীয় পরিচয় নিশ্চিত করে বলেন, তিনি ব্যক্তিজীবনে ও রাজনৈতিক অঙ্গনের একজন পরিশ্রমী মানুষ ছিলেন।
গতকাল বিকেলে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম ওরফে আফতাব, ইয়াছিনপুর গ্রামের শমশের আলী, মিঠুন (২৪), ধুলাউরি গ্রামের মোতালেব হোসেন (৩২) ও রামনগর গ্রামের নাদিম হোসেনকে আটক করেছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্বৃত্তরা আবদুর রাজ্জাককে রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। কারা কেন হত্যা করেছে, তা স্পষ্ট নয়। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।