নাটোরে খাদ্যগুদামের কর্মকর্তা গ্রেপ্তার
খোলা বাজারে বিক্রির গম নিয়ে অনৈতিকভাবে লাভবান হওয়ার অভিযোগে নাটোর সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদাত হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে শহরের ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলা খাদ্যগুদাম থেকে সরকারি গম শহরের হক ফ্লাওয়ার মিলে ময়দা তৈরির জন্য সরবরাহ করা হয়। এই ময়দা ডিলারের মাধ্যমে খোলা বাজারে ন্যায্য মূল্যে (ওএমএস) বিক্রি করা হয়। সরকারি গম বেশি দামে বাইরের ব্যবসায়ীদের কাছে বিক্রির অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম অনিন্দ্য মণ্ডল শহরের হক ফ্লাওয়ার মিল ও সদর উপজেলা খাদ্যগুদাম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, গত ৩০ মার্চ খাদ্যগুদাম থেকে খোলা বাজারে ময়দা তৈরির জন্য ৩৫ মেট্রিক টন উন্নত মানের গম শহরের হক ফ্লাওয়ার মিলকে সরবরাহ করার কথা ছিল। কিন্তু ওই দিন হক ফ্লাওয়ার মিল নেয়নি। ওই গমের কিছু অংশ সোমবার সকালে সরবরাহ করা হয়। পরিদর্শনকালে বরাদ্দ করা গমের মধ্যে ২০০ বস্তা গম গুদাম চত্বরে পাওয়া যায়। এগুলো জব্দ করা হয়েছে। পরিদর্শক দল তাৎক্ষণিক হক ফ্লাওয়ার মিলের গুদাম পরিদর্শন করে। তখন সেখানে গম ছিল না।
এ ঘটনায় রাতে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক অরুণ কুমার প্রামাণিক বাদী হয়ে নাটোর সদর থানায় মামলা করেন। রাত তিনটার দিকে নিজ বাসা থেকে সাদাত হোসেনকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এ সম্পর্কে খাদ্যগুদাম কর্মকর্তা সাদাত হোসেন বলেন, হক ফ্লাওয়ার মিল কর্তৃপক্ষের লিখিত আবেদনের কারণে ওই দিন গম সরবরাহ করা হয়নি। পরে সোমবার তা সরবরাহ করা হয়েছে। এর মাধ্যমে তিনি সরকারের কোনো ক্ষতি করেননি বা নিজেও লাভবান হননি। একটি মহল তাঁকে বদলি করার জন্য মিথ্যা অভিযোগ দিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনকে (দুদক)।