নাটোরে খুন হওয়া ছাত্রের লাশ উদ্ধার
নাটোরের সিংড়া উপজেলার বড়বাড়িয়া গ্রাম থেকে আজ বৃহস্পতিবার সকালে আতিকুর রহমান (২০) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে কোপানোর চিহ্ন ছিল।
নিহত আতিকুর বড়বাড়িয়া গ্রামের আবদুর রশিদের ছেলে। তিনি স্থানীয় দমদমা কলেজে স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
পরিবারের বরাত দিয়ে প্রথম আলোকে দেওয়া সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের ভাষ্য, গতকাল রাত সাড়ে আটটার দিকে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন আতিকুর। রাতে আর তিনি বাড়ি ফেরেননি। তাঁর কোনো খবরও পাওয়া যাচ্ছিল না। আজ সকালে বড়বাড়িয়া গ্রামের মাঠে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ আজ সকাল নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ওসির ভাষ্য, আতিকুরকে কুপিয়ে হত্যা করে মাঠে ফেলে গেছে দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা বা কাউকে আটক করা হয়নি।