নাটোরে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে ব্যস্ততম সড়কে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে গুলি করে তাঁর মোটরসাইকেল ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার সৈয়দের মোড়ে নাটোর-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত ওই কর্মকর্তাকে বনপাড়ার আমেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর সদর থানা সূত্রে জানা যায়, বেসরকারি একটি কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধি রেজাউল করিম ওরফে বাবু (৩৪) নাটোর থেকে বড়াইগ্রামের রাজেন্দ্রপুর এলাকায় মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। বিকেল আনুমানিক পাঁচটার দিকে সৈয়দের মোড় এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলে ছয়জন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। এ সময় ওই কর্মকর্তা মোটরসাইকেল নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকে উদ্দেশ করে গুলি ছোড়ে। গুলিটি তাঁর পায়ে লাগলে তিনি মাটিতে পড়ে যান। এ সময় দুর্বৃত্তদের একজন মোটরসাইকেলটি নিয়ে ঘটনাস্থল ছেড়ে যায়।

নাটোর সদর থানার এসআই সৈকত হোসেন বলেন, কয়েক দিন ধরে যে চক্রটি লালপুরসহ অন্য জায়গায় ছিনতাইয়ের ঘটনার সঙ্গে যুক্ত আছে, তারাই হয়তো এ ঘটনা ঘটিয়েছে। দুর্বৃত্তদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। রাত আটটা পর্যন্ত মামলা হয়নি।

গত বৃহস্পতিবার দুর্বৃত্তরা লালপুরের তিন খুঁটি এলাকায় গুলি করে এক কলেজশিক্ষককে হত্যা করে তাঁর মোটরসাইকেল ছিনতাই করে।