নাটোরে ঘুষের টাকাসহ বন কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নেওয়ার সময় নাটোরের বড়াইগ্রাম উপজেলার বন বিভাগের কর্মকর্তা (নার্সারি) নাবিউল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করেছেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা বন কর্মকর্তার কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ-সংক্রান্ত মামলা দায়েরের পর তাঁকে বড়াইগ্রাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুদক রাজশাহী কার্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কালিকাপুর এলাকায় ১০ লাখ ৮০ হাজার টাকার সামাজিক বনায়নের গাছ বিক্রি করে উপজেলা বন বিভাগ। বিধি অনুযায়ী এই টাকার ৫৫ শতাংশ পাওয়ার কথা স্থানীয় উপকারভোগীদের। কিন্তু উপজেলা বন কর্মকর্তা নাবিউল ইসলাম এই টাকা পরিশোধের জন্য ঘুষ দাবি করেন। উপকারভোগীরা ঘুষ না দেওয়ায় তিনি তাঁদের ঘোরাতে থাকেন। অবশেষে তাঁরা দুর্নীতি দমন কমিশনের রাজশাহী কার্যালয়ে বিষয়টি জানান।
দুদক কর্মকর্তারা বিষয়টি প্রমাণের জন্য আজ এক উপকারভোগীকে ওই কর্মকর্তার কার্যালয়ে ঘুষ দেওয়ার জন্য ১০ হাজার টাকা দিয়ে পাঠান। এই টাকা ওই বন কর্মকর্তা গ্রহণ করার সঙ্গে সঙ্গেই আশপাশে থাকা দুদক কর্মকর্তারা তাঁকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে ঘুষ হিসেবে নেওয়া ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে দুদকের উপপরিচালক শেখ ফাইয়াজ আলম বাদী হয়ে ওই বন কর্মকর্তার বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করেন এবং তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় সেখানে রাজশাহী সমন্বিত জেলা পরিচালক আবদুল আজিজ ভুইয়া উপস্থিত ছিলেন।
জানতে চাইলে রাজশাহীর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) ইমরান আহমেদ আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি জানি। এটি দুঃখজনক।’
সামাজিক বন বিভাগের উপকারভোগীরা নায্য প্রাপ্য দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা আনার জন্য ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন বলেও জানান ইমরান আহমেদ। এর ফলে কারও পক্ষে উপকারভোগীদের সঙ্গে আর অনায্য আচরণ করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।