নাটোরে চিকিৎসা নিতে গিয়ে কলেজছাত্রীর শ্লীলতাহানি, গ্রেপ্তার ১
নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের তিনভিটা কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা এক কলেজছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ সেলিম হোসেন (২০) নামের এক তরুণকে আটক করেছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন সিভিল সার্জন।
সিংড়া থানা, সিভিল সার্জনের কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এক কলেজছাত্রী তার মাকে নিয়ে গত সোমবার সকালে তিনভিটা কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে যায়। এ সময় ওই কেন্দ্রের পরিচালনা কমিটির সদস্য মাহাবুর রহমানের সহযোগিতায় তিনভিটা গ্রামের সিদ্দিক প্রামাণিকের ছেলে সেলিম হোসেন ও নজু ফকিরের ছেলে শামীম ফকির মেয়েটির মাকে জোর করে বের করে দিয়ে ভেতর থেকে দরজা আটকে দেন। এরপর মেয়েটির মুখ বেঁধে তার শ্লীলতাহানি ঘটান। এ সময় মেয়েটির মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করেন। হইচইয়ের এক ফাঁকে ওই তিনজন পালিয়ে যান।
মেয়েটি বাড়ি ফেরার পর তার ভাই সিংড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমানকে ঘটনা জানান। পরে তাঁর (ইউএনও) পরামর্শে তিনি (মেয়েটির ভাই) বাদী হয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ দেন। মেয়েটির ভাই বলেন, ‘আমি আমার বোন ও মায়ের কাছে ঘটনা শুনে অভিযোগ করেছি। সেলিম নামের ওই ছেলেটি অনেক আগে থেকেই আমার বোনকে কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। আমরা এর বিচার চাই।’
খবর পেয়ে সিভিল সার্জন আজিজুর রহমান, ইউএনও সাদেকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মুরাদ হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়। দুই কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে। সিভিল সার্জন আজিজুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিষয়ে মন্তব্য করা যাবে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বলেন, অভিযুক্ত সেলিম হোসেনকে আটক করা হয়েছে। বাকিদের ধরার চেষ্টা চলছে।
ইউএনও সাদেকুর রহমান বলেন, ‘মেয়েটিকে মামলা করার পরামর্শ দিয়েছিলাম। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’