নাটোরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরেছে পুলিশ
জঙ্গি আস্তানা সন্দেহে নাটোর শহরের হরিশপুর এলাকায় পুলিশ লাইনসংলগ্ন তিনতলা একটি বাড়ি পুলিশ ঘিরে রেখেছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে বাড়িটি ঘিরে রাখার কথা জানায় পুলিশ।
দুপুরে হরিশপুর এলাকায় পুলিশ লাইনের সামনে গিয়ে দেখা যায়, পুলিশ লাইনের পশ্চিম দেয়ালসংলগ্ন তিনতলা নীল রঙের একটি বাড়ির চারদিকে সশস্ত্র পুলিশ অবস্থান নিয়েছে। বাড়িটি ঢাকা-নাটোর মহাসড়কসংলগ্ন দক্ষিণ পাশে। বাড়ির ভেতর থেকে কোনো শব্দ শোনা যাচ্ছে না। বাইরে থেকে বাড়ির মধ্যে লোকজনের উপস্থিতি বোঝা যাচ্ছে না। সাংবাদিকদের বাড়ির ৪০০ গজের মধ্যে যেতে দেওয়া হচ্ছে না।
ওই এলাকার এক দোকানদার মজির উদ্দিন বলেন, বাড়িটির মালিক আমজাদ হোসেন নামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার। তিনি ওই বাড়িতেই থাকেন। এ ছাড়া চারটি ভাড়াটে পরিবার থাকে।
বগুড়া ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মণ্ডল, নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমানসহ বেশ কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে আছেন।
এ ব্যাপারে কোনো পুলিশ কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দিতে চাননি। বাইরে দাঁড়ানো পুলিশের একজন কনস্টেবল বলেন, পুলিশ ভোর থেকে এখানে অবস্থান নিয়েছে। তবে বাড়ির ভেতরে কী হচ্ছে, তা তিনি জানেন না।