নাটোরে জঙ্গি শহিদুল ইসলামকে (৪৫) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গতকাল বুধবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া কুষ্টিয়ায় সন্দেহজনক জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার করা তিন নারী মাহমুদা খাতুন (২২), টলি আরা খাতুন (৪০) ও আশরাফি জাহান তিথিকে (২৬) আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
নাটোর আদালত পুলিশের পরিদর্শক নাছির উদ্দিন মণ্ডল বলেন, জঙ্গি শহিদুলকে নাটোর কারাগার থেকে এবং মাহমুদা, টলি আরা ও আশরাফিকে কুষ্টিয়া কারাগার থেকে নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রবিউল ইসলামের আদালতে হাজির করা হয়। নাটোর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল হাই আসামি শহিদুলকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মাহমুদা, টলি ও আশরাফিকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত আবেদন মঞ্জুর করেন এবং তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাঁদের পক্ষে আইনজীবী ছিলেন না।
গত ১৩ জানুয়ারি রাতে নাটোর সদর উপজেলার চাঁদপুর গ্রামে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট বগুড়ার সদস্যরা একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র জব্দ করার ঘটনায় এ মামলা হয়। জেলা গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করছে।
গত ৩০ জুন কুষ্টিয়ার ভেড়ামারায় সন্দেহজনক এক জঙ্গি আস্তানা থেকে মাহমুদা, টলি ও আশরাফিকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ।