নাটোরে জামায়াতের কার্যালয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল বাজারে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর কার্যালয় ও আসবাব ভাঙচুর করেছেন। এর আগে বুধবার সন্ধ্যায় জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হন।
বড়াইগ্রাম থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বড়াইগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মসলেম উদ্দিনের নেতৃত্বে লক্ষ্মীকোল বাজারে লাঠিমিছিল বের করা হয়। মিছিলটি বাজারের মধ্যে অবস্থিত পৌর জামায়াতের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং সঙ্গে সঙ্গে নেতা-কর্মীরা ওই কার্যালয়টি ভাঙচুর করেন। পরে তাঁরা কার্যালয়ের আসবাব বের করে এনে ভাঙচুর করেন। এ সময় সেখানে জামায়াতের নেতা-কর্মীদের দেখা যায়নি।
এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লক্ষ্মীকোল বাজারের মাছপট্টিতে শিবিরের কিছু কর্মীর সঙ্গে হরতাল নিয়ে আওয়ামী লীগের স্থানীয় কিছু কর্মীর তর্কাতর্কির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় শিবিরের কর্মীরা বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (৩৭) ও কর্মী আনোয়ারুল ইসলামকে (৩২) হাঁসুয়া দিয়ে কোপায়। খবর পেয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হকের নেতৃত্বে শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মী বাজারে মিছিল বের করেন। মিছিলকারীরা বাজারের মাঝে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় ও পাশের একটি ওষুধের দোকান ভাঙচুর করেন। তাঁরা উপজেলা শিবিরের সেক্রেটারি জোবায়ের হোসেন (২৩), বড়াইগ্রাম ডিগ্রি কলেজ শাখা শিবিরের সভাপতি ফিরোজ হোসেন (২২), বড়াইগ্রাম ইউনিয়ন শিবিরের সভাপতি লালন হোসেন (২৩), ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুল হাসান ও জামায়াত কর্মী আলতাফ হোসেনসহ আটজনকে লাঠিপেটা করেন। আহত ব্যক্তিদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ থামাতে গিয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান আলী সামান্য আহত হন। সংঘর্ষের জন্য পৌর জামায়াতের সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক ও পৌর আওয়ামী লীগের সম্পাদক মাহবুবুল হক একে অপরকে দোষারোপ করেছেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, দুটি ঘটনার ব্যাপারেই কেউ কোনো অভিযোগ করেননি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।