নাটোরে ট্রাকে আগুন, টাকা ছিনতাই
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুরে আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-নাটোর মহাসড়কে দুর্বৃত্তরা সিমেন্টবাহী একটি ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। দুর্বৃত্তরা ট্রাকটির চালককে মারধর করে তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ট্রাকচালকের বরাত দিয়ে নাটোরের ঝলমলিয়া মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম জানান, সিমেন্টবাহী একটি ট্রাক ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। ভোর পাঁচটার দিকে আট থেকে নয়জন দুর্বৃত্ত ঢাকা-নাটোর মহাসড়কের আহম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ট্রাকটি থামায়। তারা ট্রাকের চালক অজয় কুমার চন্দ্রকে ট্রাক থেকে নামিয়ে মারধর করে ২০ হাজার টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। পরে তারা পেট্রল ছিটিয়ে ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে নাটোরের ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সেখানে গিয়ে আগুন নেভায়। তবে এর আগেই ট্রাকের অধিকাংশ পুড়ে যায়। ছিটানো পানিতে সিমেন্টও নষ্ট হয়ে গেছে। স্থানীয় লোকজন আহত চালককে একটি ক্লিনিকে ভর্তি করেছে। তাঁর বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার বজরপুর গ্রামে।